নাটোর

সিংড়ায় জামায়াত আমীরের ছেলে ছাত্রলীগ সভাপতি: ক্ষোভ

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের সিংড়ায় জামায়াতের আমীরের ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় ক্ষোভ ও নিন্দা বিরাজ করছে সিংড়া জুড়ে। শনিবার দিনভর ছাত্রলীগের কাউন্সিলর শেষে রাতে পৌর জামায়াতের আমীর রওশন আলীর ছেলে খালিদ হাসানকে সভাপতি এবং নাজমুল হককে সাধারণ সম্পাদক ঘোষনা দেয়া হয়। খালিদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির ভাগনে।

 
গত শনিবার নাটোরের সিংড়ায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সিংড়া উপজেলা, পৌর ও গোল ই আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্থানীয় সাংসদ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

দিনভর সম্মেলন শেষে রাতে পৌর কমিউনিটি সেন্টার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে কর্মীদের প্রত্যক্ষ ভোটে খালিদ হাসান সভাপতি এবং নাজমুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তবে তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ পাওয়া নিয়ে আগে থেকেই জোর আলোচনা ছিল ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে। ভোট গ্রহনটা ছিল আইওয়াশ মাত্র।

 
সূত্র জানায়, ছাত্রলীগের রাজনীতিতে খালিদ হাসান খুব একটা সক্রিয় ছিলো না। বেশ কিছু দিন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী সিল্কসিটি নিউজকে জানান, জামায়াতের বড় একজন নেতার ছেলেকে উপজেলা ছাত্রলীগের সর্বোচ্চ পদে বসানো ঠিক হয়নি। আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার ভাগনে হওয়াটাই তাঁর বড় যোগ্যতা হিসেবে দেখা হয়েছে। কারণ, এটা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার সাহস কারও নেই। তাই সবাই মুখ বুজে সহ্য করছে।

 
এ ব্যাপারে নতুন কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক সিল্কসিটি নিউজকে বলেন, জামায়াতের ছেলে হলেও সে ছাত্রলীগ করতে পারবেনা এমনতো কিছু নয়। খালিদ তার যোগ্যতা অনুয়ায়ী পদ পেয়েছে। এতে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই।

 
তিনি আরো বলেন, খালিদ ঢাকার আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর আগে সে  পৌর ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি ব্যক্তিগত যোগ্যতায় নেতা নির্বাচিত হয়েছেন।
স/শ