রাজশাহী

প্রেমিক পুলিশ কনেস্টবলের খোঁজে রাজশাহীতে এসে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

প্রেমিক পুলিশ কনেস্টবলের খোঁজে রাজশাহীতে এসেছিলেন প্রেমিকা। কিন্তু তাতেও সাড়া মেলেনি। এরপর রাতেই প্রেমিকের ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান প্রেমিকা।

 

  • পরে ওই প্রেমিকাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম আলেফজান আখি (২২)। তিনি নিলফামারি জেলার কচুকাটা এলাকার মোফাসের আলীর মেয়ে।

 

আখি বর্তমানে রামেক হাসপাতালের ৩৭ নম্বর ওয়ার্ডে ভার্তি আছেন। তার অবস্থা এখন কিছুটা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানান।

 

হাসপাতালে আসার পরে আখি জানান, তার সঙ্গে রাজশাহী রিজার্ভ পুলিশ ফোর্সে কর্মরত কনস্টেবল এবং সৈয়দপুর উপজেলা আবু সায়েমের প্রেমের সম্পর্ক ছিলো। তবে কিছুদিন ধরে আবু সায়েম আখির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

 

কিন্তু প্রেমিক সায়েমকে পেতে উতালা আখি যেন পাগলপ্রায় হয়ে পড়েন। অবশেষে প্রেমিককে পেতে আখি গত বৃহস্পতিবার নিলফামারি থেকে ছুটে আসেন রাজশাহীতে। এরপর ছুটে যান রাজশাহী পুলিশ লাইনসে গিয়ে রিজার্ভ পুলিশ ফোর্সে কর্মরত কনস্টেবল সায়েমকে খুঁজতে থাকেন।

 

কিন্তু তার সাড়া না পেলেও শেষ পর্যন্ত রাতে পুলিশ লাইনসের নারী হোস্টেলে গিয়ে ওঠেন আখি। এরপর রাতেই তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরে অন্য নারী কনেস্টবলরা বিষয়টি টের পেয়ে রিজার্ভ ফোর্সে দায়িত্বরত কর্মকর্তাদের জানান।

  • রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এমদাদ হোসেন সিল্কসিটি নিউজকে বলেন, বিষপানে অসুস্থ আখিকে উদ্ধার করে প্রথমে রামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এরপর তাকে হাসপাতালের ৩৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

 

বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে রাজশাহী রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার কামরুন নাহার সিল্কসিটি নিউজকে বলেন, বিষয়টি ওইরকম না। তবে আমরা পরে বিস্তারিত আপনাদের জানাবো।

স/আর