নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে শুরু হয়েছে দু’দিন ব্যাপী পাখি প্রদর্শনী উৎসব। শুক্রবার সকালে নগরীর রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ ভবনে কেইজ বার্ড এসোসিয়েশন অব রাজশাহী’র আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
কেইজ বার্ড এসোসিয়েশন অব রাজশাহী’র সহ-সভাপতি ফেরদৌস আরা মুন্নির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অপারেশন) নিশারুল আরিফ।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল হ্যাসবেনড্রাই এ- ভ্যাটেনারি সায়েন্স বিভাগের ডেপুটি চীফ ভেটেনেরিয়ান ডা. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর ডা. সুজিত কুমার ভদ্র, রাজশাহী মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা ইউনিট কমান্ডার ফরহাদ আলী মিয়া।

এছাড়াও প্রদর্শনীতে কেইজ বার্ড এসোসিয়েশন অব রাজশাহী’র সকল সদস্য ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, পরিবেশ বান্ধব এসব পাখি আমাদের অনেক আনন্দ দেয়। বিদেশী এসব বিভিন্ন প্রজাতির পাখি বলতে গেলে অত্যন্ত দূর্লভ। কিন্তু এসব পাখি এখন অনেকেই শখের বসেই সংগ্রহ করে চলেছেন। এদের নাম এবং ডাক অত্যন্ত সুন্দর।
তারা বলেন, এসব পাখি বাইরে রাখলে অন্য কোন পাখি এদের আক্রমন করতে পারে। তাই এদের জন্য একটি ভালো পরিবেশ প্রয়োজন। আর এজন্য রাজশাহীতে একটি কেইজ বার্ড হাট তৈরীর জন্য প্রধান অতিথির নিকটা আবেদন জানান।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অপারেশন) নিশারুল আরিফ বলেন, প্রদর্শনীতে বিদেশী পাখির সংগ্রহ দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। এতো প্রজাতির পাখি একসাথে দেখা সত্যিই আশ্চর্যজনক। বন্য পাখি শিকার ও সংগ্রহ দুই-ই সমান অপরাধ। তবে সংগ্রহ যদি বৈধ ভাবে হয় তাহলে কোন সমস্যা নেই। এক্ষেত্রে প্রশাসনের সাহায্য নিয়ে পাখি সংগ্রহ করা উত্তম।
তিনি বলেন, রাজশাহীতে একটি কেইজ বার্ড হাটের আবেদন এসেছে যা অত্যন্ত চমৎকার বিষয়। এতে করে অনেকেই তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। অনেকের কর্মসংস্থানের সুযোগ হবে। তবে এখানে আর্থিক বিষয়াবলী থেকে যায়। এরপর তিনি বিভাগীয় পর্যায়ে রাজশাহীতে কেইজ বার্ড হাট তৈরীর জন্য আলোচনা করার আশ্বাস দেন।

পরে প্রধান অতিথি প্রদর্শনীর প্রতিটি পাখি ঘুরে দেখেন।
উল্লেখ্য, দু’দিনব্যাপী এ প্রদর্শনীতে রয়েছে বিদেশী বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক পাখি। শুক্রবার সকাল থেকেই প্রদর্শনীতে বাড়তে থাকে পাখি প্রেমীদের ভীড়। জনসাধরনের সকলের জন্য উন্মুক্ত এ প্রদর্শনী চলবে আগামি কাল পর্যন্ত।
স/শ









