রাজশাহী

রাজশাহীতে বর্ধিত হোল্ডিং ট্যাক্স : আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশনের ‘অস্বাভাবিক হারে’ বর্ধিত হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য ট্যাক্স বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

 

শুক্রবার সকালে নগরীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ এ ঘোষণা দেয়।

 
এই দাবিতে আগামী ২৬ নভেম্বর বিকেলে রাজশাহী নগরের সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

 
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক এনামূল হক বলেন, রাজশাহী নগরবাসীর আয়ের সঙ্গে সঙ্গতিবিহীনভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে দীর্ঘদিন ধরে রাজশাহীবাসী আন্দোলন করে আসছে। রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ এই প্রতিবাদ অগ্রাহ্য করে একতরফাভাবে বর্ধিতহারে ট্যাক্স আদায়ে অনড় থাকায় নাগরিকদের পক্ষ থেকে আদালতের শরনাপন্ন হতে হয়েছে। হাইকোর্ট এই হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি বাতিলের পক্ষে গত ১ নভেম্বর দায়ের করা একটি রিট আবেদন গ্রহণ করেছেন এবং সিটি করপোরেশন কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে দুই সপ্তাহ সময় দিয়ে রুল জারি করেছেন। এটা আন্দোলনের শক্তি বাড়িয়েছে।

 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আন্দোলন চালিয়ে যেতে আমরা বদ্ধ পরিকর। বর্ধিত হোল্ডিং ট্যাক্স ছাড়াও অস্বাভাবিকহারে ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সাইন বোর্ডের ওপর অযৌক্তিক ফি নির্ধারণের প্রতিবাদেও আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবো। সংবাদ সম্মেলন থেকে মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ী, দোকানদার, বাসা-বাড়ি, মেস মালিক ও ভাড়াটিয়া নির্বিশেষে নগরবাসীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের সদস্য সচিব ফরিদ মামুদ হাসান, মহানগর মেস মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম সিদ্দিকী, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ, নিরাপদ সড়ক চাই রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন রাজশাহীর সদস্য সচিব হোসেন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

স/অ