সিল্কসিটিনিউজ ডেস্ক:
আমাদের অর্থনীতিটা অনেক দিন সুস্থ থাকার পর এখন অসুস্থতার দিকে যাচ্ছে। অর্থনীতির মূল সূচকগুলোর অবনমন হচ্ছে। এটা আমাদের চিন্তায় ফেলে দিয়েছে।
তবে সত্য হল, বাংলাদেশের অর্থনীতি কখনও তার পূর্ণ সম্ভাবনায় প্রবৃদ্ধি অর্জন করেনি। বিশ্বায়ন থেকে আমাদের রফতানি বেড়েছে। রফতানি অন্য দেশেরও বেড়েছে।

আমরাই বোধকরি অন্যতম একক অর্থনীতি, যারা দু’দশক যাবৎ একক পণ্যের ওপর নির্ভর করে রফতানি প্রবৃদ্ধি অর্জন করার জন্য বসে ছিলাম। সেই নির্ভরতা যে কতটা ভুল ছিল তা গত কয়েক মাসের রফতানির নিম্নগতি দেখে আমরা সবেমাত্র অনুভব করতে শুরু করেছি।
অন্যত্র আমরা যেন কাপড়ের অতিরিক্ত কোট সেলাই করতে শুরু করেছি। সরকারি খাতের মাধ্যমে আমরা যদি ইচ্ছামতো কোটের আকার বাড়াতে পারি, তাহলে একদিন এর জন্য আমাদের চড়া মূল্য দিতে হবে।
গত ১০ বছর আমাদের অর্থনীতিতে মোটামুটিভাবে ম্যাক্রো স্থিতিশীলতা বজায় ছিল। অর্থনীতিও মোটের ওপর ভালো করেছে। তবে শঙ্কা আগামী বছরগুলো নিয়ে। আমাদের ভাবিয়ে তুলছে, আন্তর্জাতিক চলতি হিসাব আমাদের পক্ষে থাকবে তো?
আমাদের মুদ্রা টাকা ইউএস ডলারের বিপরীতে স্থিতিশীল থাকবে তো? আমাদের অর্থনীতিতে আবার মূল্যস্ফীতি ফেরত আসবে না তো? আমরা আমাদের পণ্যকে অন্য বাজারগুলোতে সহজে পাঠাতে পারব? আর্থিক পুঁজি জোগানোর ক্ষেত্রে আমাদের পুঁজিবাজারের ভূমিকা কি গৌণ হতেই থাকবে? আমাদের ব্যাংকগুলোর ব্যালেন্সশিট কি কুঋণে জড়িত হয়ে ব্যাংকগুলোকে অকার্যকর করে দেবে?
রাজনীতিতে বিভাজনের ধারাটা আরও কি তীব্র হবে? সমাজ কি আরও বিভক্ত হবে এবং বিরাটসংখ্যক লোক প্রান্তে গিয়ে হতাশায় নিমজ্জিত হবে? ব্যবসার ক্ষেত্রে নীতি বড় নিয়ামক না হয়ে অপরাধের সঙ্গে সম্পর্ক কি আরও বড় নিয়ামক হয়ে দেখা দেবে? বিদেশিরা বিনিয়োগের ক্ষেত্রে কি বাংলাদেশকে পাশ কাটিয়ে যাবে?
আমরা কি গ্লোবাল অর্থনীতিগুলোর সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আরও নিবিড়ভাবে সংযুক্ত হতে পারব? আমাদের সমাজে আয়-বৈষম্য কি আরও তীব্র হতে থাকবে?
বড় আকারের মধ্যবিত্ত শ্রেণির ভোক্তা সৃষ্টির পরিবর্তে আমরা কি অতি নগণ্যসংখ্যক ‘সুপার রিচদের’ সমাজ গড়ে তুলব? আমরা কি একটি প্রগতিশীল পররাষ্ট্রনীতির মাধ্যমে বিশ্বকে জানান দেব যে, আমরা কারও পক্ষে নই, আমরা আমাদেরই পক্ষে? আমাদের সমাজে মতপ্রকাশের স্বাধীনতাকে মুক্ত করে দেয়া হবে, না আরও সংকুচিত করা হবে? এসব ভাবনা প্রায় প্রত্যেক শিক্ষিত ও সচেতন নাগরিককে তাড়ায় এবং তাড়াতে থাকবে।
বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী কয়েকটি বছর অতীব গুরুত্বপূর্ণ। এই অর্থনীতি যদি অতীতের গতি ধরে রাখতে পারে, তবে সেটা হবে একটা বড় অর্জন। অতীতের গতি ধরে রাখা চ্যালেঞ্জ হবে বটে; তবে কোনো বড় চ্যালেঞ্জ হবে না যদি আমরা অর্থনীতিকে সঠিক পথে চালাতে আরও বেশি তৎপর হই।
অর্থ জোগানোর ক্ষেত্রে আমরা ভুল পথে হাঁটছি অনেক দিন থেকে। ব্যবসার অর্থ আসে ব্যাংক থেকে, তবে সব অর্থ নয়। দীর্ঘমেয়াদের পুঁজি এবং স্থায়ী পুঁজি যেটা ইক্যুইটি হিসেবে পরিচিত, সেটা আসে পুঁজিবাজার তথা ক্যাপিটাল মার্কেট থেকে।
পুঁজিবাজারের দুটো অঙ্গ আছে। একটি স্থায়ী পুঁজির জন্য ইক্যুইটি মার্কেট, অন্যটি দীর্ঘমেয়াদি ঋণের জন্য বন্ড মার্কেট। আমাদের অর্থনীতিতে পরবর্তী অংশটি অনুপস্থিত। এ নিয়ে অনেক কথা হয়েছে; কিন্তু কাজের কাজ কিছু হয়নি এবং হবে বলেও মনে হয় না।
শিল্প ও ব্যবসায় পুঁজিবাজারের ক্ষেত্রে আমরা মারাত্মক ভুল যেটা করেছি সেটা দীর্ঘ সময়ের জন্য এবং সেটা হল আজ পর্যন্ত ব্যাংকের ওপর নির্ভর করে থাকা।
১৯৭৬ সালে আমাদের পুঁজিবাজার কাজ শুরু করলেও অর্থনীতির আকারের তুলনায় এই বাজার শুধু পেছনেই গেছে। কিন্তু আমরা ভুলে গেছি যে শুধু ব্যাংক অর্থায়নের দ্বারা আমাদের দৌড় বেশিদূর এগোবে না।
একপর্যায়ে দৌড়ের গতি থেমে যেতে বাধ্য। আমাদের অর্থনীতি যখন ছোট ছিল, অথবা স্বাধীনতার পর অন্তর্বর্তী বছরগুলো পার হচ্ছিল, তখন ব্যবসার পুঁজি জোগানোর ক্ষেত্রে ব্যাংক অর্থায়ন ঠিকই ছিল।
কিন্তু বিগত দুই দশকে আমরা কি সেই অর্থায়ন থেকে পুঁজি জোগানোর ক্ষেত্রে অর্থনীতিকে পুঁজিবাজারমুখী করতে পেরেছি? এটাই আমাদের ব্যর্থতা। আজ যে ব্যাংকগুলোর স্থিতিপত্র সবই লাল যাচ্ছে, তার মূল কারণ হল ব্যাংক অর্থায়নের মাধ্যমে টার্ম লোন বা দীর্ঘমেয়াদি পুঁজির জোগান দেয়া। বিশ্বের অন্য বাজার অর্থনীতিগুলো আরও আগেই এ ধরনের অর্থায়ন থেকে সরে এসেছে। আমরা মারাত্মক ভুলের মধ্যে আগেও ছিলাম, এখনও আছি।
আর সেটাই আমাদের বিনিয়োগ-ব্যবসার পুঁজি জোগানোর ক্ষেত্রে মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। অনেকেই এখন সন্দিহান হয়ে পড়েছে যে, আমাদের ব্যাংকগুলো বর্ধিত পুঁজি জোগানোর ক্ষমতা ইতিমধ্যে হারিয়ে ফেলেছে।
বেশকিছু আর্থিক প্রতিষ্ঠান ইতিমধ্যে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে চলে গেছে। বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের বিপরীতে আয় থেকে প্রভিশনিং করাকে সহজ করার জন্য খেলাপি ঋণের সংজ্ঞাই পরিবর্তন করে দিয়েছে। তবে সেটা হল সত্যকে লুকিয়ে রাখা।
একে তো ব্যাংকগুলো সত্যকে লুকিয়ে রাখতে তৎপর, আর সেই তৎপরতার সাথী হচ্ছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এতে কি আমাদের আর্থিক খাতের ভঙ্গুর অবস্থার আদৌ কোনো উন্নতি হবে! আর্থিক খাত এখন ব্যবহৃত হচ্ছে কিছু লোককে অর্থায়নের কাজে।
তাদেরকে সুযোগ করে দেয়া হচ্ছে জনগণের অর্থ চুরি করতে। ব্যাংকগুলো যদি টার্ম লোন বা দীর্ঘমেয়াদি অর্থায়ন থেকে সরে না আসে, তাহলে খেলাপি ঋণের বর্তমান সংস্কৃতি থেকে বের হতে পারবে না। এসব নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এখন বলার সময় এসেছে যে, কোনো ব্যাংকই তিন বছর বা এ সময়ের বেশি কোনো ব্যবসায়িক পুঁজির জোগান দিতে পারবে না। ব্যবসা প্রতিষ্ঠানকে বলা হোক পুঁজির জন্য শেয়ারবাজারে যেতে।
আর পাঁচ বছর বা ততধিক সময়ের জন্য ঋণ করতে চাইলে বন্ড ইস্যু করতে। বন্ড ইস্যুও যে কারণে এই অর্থনীতিতে কঠিন হবে সেটা হল কর্পোরেট হাউসগুলোর ওপর বিশ্বাসের ঘাটতি। তবুও এ ক্ষেত্রে চেষ্টা করে যেতে হবে।
পুঁজিবাজারকে সত্যিকার অর্থে প্রসারিত ও অংশগ্রহণমূলক করার চেষ্টাই করা হয়নি। মাঝেমধ্যে খণ্ডিত চেষ্টা করা হয়েছে। তবে শক্তভাবে কেউ হাল ধরেনি এ বাজারকে পুঁজি সংগ্রহের জন্য মূলবাজার হিসেবে গড়ে তোলার ব্যাপারে।
রাজস্ব বোর্ড শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো থেকে বেশি রাজস্ব পেলেও অন্য বড় কোম্পানিগুলোকে এই বাজারে আসার জন্য কোনো তাগিদ দেয় না। অর্থ মন্ত্রণালয়েরও একই অবস্থা।
কী করলে ভালো কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনা যায় সে ব্যাপারে দৃশ্যমান কোনো উদ্যোগ এ মন্ত্রণালয় থেকে দেখা যায়নি। সম্পদ ধারণের ক্ষেত্রে জনগণকে ঠেলে দেয়া হচ্ছে জমি-ফ্ল্যাট কেনার দিকে, যেটা অর্থনীতির ব্যবস্থাপনার ক্ষেত্রে আরেকটি দুর্বল দিক।
যে অর্থনীতিতে মানুষ ঝুঁকি নিতে পারে, যে অর্থনীতিতে স্পেকুলেটিভ বিনিয়োগের সুযোগ আছে, সেই অর্থনীতি প্রাণচঞ্চল বা জীবন্ত। আর সেই সুযোগটা করে দিতে পারে একমাত্র শেয়ারবাজারই।
সেই সঙ্গে অন্য বাজারগুলোকেও খুলে দিতে পারলে তা অর্থনীতির জন্য ভালো হবে বলে মনে করি। স্বর্ণের বাজারও সবার জন্য উন্মুক্ত করে দেয়া হোক।
এ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের অনুমোদন দিলে আমাদের একটা রফতানিমুখী জুয়েলারি শিল্প গড়ে উঠতে পারে। আগামীতে গোল্ড-বুলিয়ন ব্যবসা বড় মুনাফার ব্যবসা হতে পারে। তখন আমরা দেখব স্বর্ণের চোরাকারবার প্রায় বন্ধ হয়ে গেছে। সরকারও এ খাত থেকে বড় অঙ্কের রাজস্ব পাবে।
যে ১৮টি লাইসেন্স বাংলাদেশ ব্যাংক স্বর্ণ আমদানি ও ব্যবসার জন্য ইস্যু করেছে, এর বাইরে আগামীতে আশা করি আরও লাইসেন্স ইস্যু করা হবে। বড় পুঁজির ব্যবসায়ীরা এ খাতে সম্ভাব্য লাভের বিষয়টি এখনও হিসাব করতে পারেননি।
একদিন দেখা যাবে সেকেন্ড-বুলিয়ন ব্যবসার আরও বড় পুঁজির সংযোগ ঘটেছে। স্বর্ণের ব্যবসাকে উন্মুক্ত করতে বলছি এ জন্যই যে, এতে উচ্চমধ্যবিত্তদের সম্পদ ধারণের সুযোগ বাড়বে।
ব্যবসায় ও শিল্পে পুঁজি জোগানোর অন্য দুটো উৎস হল ভেঞ্চার ক্যাপিটাল এবং প্রাইভেট ইক্যুইটি। আমাদের ব্যবসায়ীরা জানেনই না যে এ দুটো উৎস থেকেও পুঁজি নেয়া যায়। তবে এ দুটো উৎসের মাধ্যমে পুঁজি সরবরাহের ক্ষেত্রে যারা বিনিয়োগ করে তাদেরকে বের হওয়ার পথ করে (এক্সিট রুট) দিতে হবে।
আর সেটা তখনই সম্ভব যখন প্রজেক্ট একটা পর্যায়ে গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে। যতদিন না পর্যন্ত শেয়ারবাজার অর্থনীতির অনুপাতে একটা পর্যায় পর্যন্ত না যাবে, ততদিন শেয়ারবাজারের পক্ষে পলিসি-সাপোর্ট দিয়ে যেতে হবে।
যারা আইপিও’র মাধ্যমে অর্থ নিতে চায়, তাদের জন্য পথগুলোকে সহজ করে দিন। বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোর ১০০ ভাগ বিদেশি মালিকানায় ব্যবসা করতে কোনো অসুবিধা নেই তাদের শেয়ারহোল্ডারদের জন্য, বরং তারা চায় লোকাল সাবসিডিয়ারি লোকাল শেয়ারবাজারে তালিকাভুক্ত না হোক।
কিন্তু এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারকেই জনস্বার্থে বিদেশি কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে হবে। বিদেশি কোম্পানি ইউনিলিভার বিশ্বের অনেক দেশেই ব্যবসা করছে এবং এ কোম্পানি অনেক দেশেই স্থানীয় শেয়ারবাজারে তালিকাভুক্ত।
কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে এই কোম্পানি বড় ব্যবসা করলেও বাংলাদেশের শেয়ারবাজারে তারা আজও তালিকাভুক্ত হয়নি। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় কি আদৌ কোনো উদ্যোগ নিয়েছে?
আমাদের থেকে অনেক ছোট অর্থনীতিতেও কোম্পানিটি তালিকাভুক্ত। তাহলে আমাদের শেয়ারবাজারে তারা আসবে না কেন? আমাদের এই ব্যর্থতার কোনো ভালো কৈফিয়ত নেই। আমাদের সরকার বলে তারা শেয়ারবাজারকে ভালো করতে আন্তরিক। কিন্তু ভালো কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত না হলে এ বাজার ভালো হবে কীভাবে?
আবু আহমেদ : শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ










