সিল্কসিটিনিউজ ডেস্ক:
বগুড়া জিলা স্কুল মাঠে বিজয় দিবসের মহড়ায় ছুরিকাঘাতে দুই কলেজছাত্র জখম হয়েছেন। আহতরা হলেন- হাসিবুল হাসান রকি (২২) ও শিমুল কুমার দাস (২০)।
শনিবার সকালে শহরের জিরোপয়েন্ট সাতমাথায় জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

আহত হাসিবুল হাসান রকি সরকারি আজিজুল হক কলেজের অনার্স (ব্যবস্থাপনা) দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি কাহালু উপজেলার মালঞ্চা গ্রামের ওমর আলীর ছেলে এবং শিমুল কুমার একই কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি শহরের ঠনঠনিয়া হাঁড়িপাড়ায়।
আহত হাসানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া জিলা স্কুল মাঠে বিজয় দিবসের কর্মসূচির মহড়া চলছিল। এ সময় দুর্বৃত্তরা পূর্ব কোনো বিরোধের জের ধরে শিমুল কুমার দাসের চোখে ছুরিকাঘাত করে। তখন তার বন্ধু হাসিবুল হাসান রকি তাকে রক্ষায় এগিয়ে যান।
এ সময় দুর্বৃত্তরা রকির পায়ে ছুরিকাঘাত করে। শিমুল পালিয়ে গেলে রকি স্কুলের গেটের কাছে থাকা পুলিশ সদস্যের সামনে এসে পড়ে যান। তখন সদর থানার এসআই নুরে আলম রক্তাক্ত রকিকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। রকি কলোনি এলাকার একটি মেসে থাকেন।
শিমুল জানান, কিছু দিন আগে তার এক বন্ধুর সঙ্গে জিলা স্কুলের ছাত্র শহরের সেউজগাড়ির মাসুদুর রহমানের ছেলে রাফিদের সঙ্গে মারামারি হয়। এ ব্যাপারে রাফিদের পরিবার থানায় মামলা করেন। পত্রিকায় কিশোর গ্যাং নিয়ে লেখালেখি হয়েছিল। পরে পৌর কাউন্সিলর ও উভয় পরিবারের মধ্যস্থাতায় মীমাংসা হয়।
শনিবার সকালে বগুড়া জিলা স্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানের মহড়া চলছিল। এ সময় ভেতরে রাফি, তার বন্ধু সরকারি শাহ সুলতান কলেজের প্রথম বর্ষের ছাত্র নীরব, টোকাই রাকিব ও শান্ত মাদক সেবন করছিল।
আগের ওই বিরোধের জের ধরে রাফিদের নির্দেশে রাকিব, শান্ত ও নীরব তাকে (শিমুল) স্কুলের ভেতরে ডেকে নিয়ে যায়। তখন তার সঙ্গে বন্ধু রকিও ছিল। প্রথমে ওরা তার (শিমুল) বাম চোখের নিচে ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে রকির পায়ে ছুরিকাঘাত করা হয়। তখন তিনি (শিমুল) দৌড়ে পালিয়ে যান। পুলিশ রকিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, দুজন নয়; একজন ছুরিকাহত হয়েছে। তবে হামলাকারীদের শনাক্ত করা যায়নি। তবে এখন পর্যন্ত মামলা হয়নি।










