নিজস্ব প্রতিবেদক:
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাগমারার জন্য বড় কিছু না চেয়ে স্কুলের জন্য বেঞ্চ চাইলেন উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় বক্তব্য দিতে গিয়ে তিনি তার এলাকার বেশকিছু স্কুলে বেঞ্চ নাই বলে উল্লেখ করে বেঞ্চ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

- প্রধানমন্ত্রীর কাছে স্কুলের জন্য সান্টুর এ বেঞ্চ চাওয়া নিয়ে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝেও হাসির খোরাক জোগায়। এ সময় অনেকে ফিস ফিস করে নানা কথাও বলতে থাকেন। বাগমারায় রাস্তা-ঘাট বা বড় কোনো উন্নয়নের জন্য দাবি না করে সান্টু প্রধানমন্ত্রীর কাছে শুধুমাত্র স্কুলের জন্য যে বেঞ্চ দাবি করেন, তাতে তার কর্মযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই।
ভিডিও কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে জাকিরুল ইসলাম সান্টু যে কথাগুলো বলেন, তা সিল্কসিটি নিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
আমি আশ্চর্য হয়ে গেলাম আপনি রাজশাহী নওগা নাটোর নবাবগঞ্জসহ রাজশাহী বিভাগে বিগত জোট সরকারের অত্যাচার নির্যাতনের যে কাহিনী এবং বর্তমান যে সামাজিক অবস্থান সুন্দরভাবে আপনারা সুচনাবদ্ধ প্রবন্ধে তুলে ধরেছেন সেই বাংলা ভাই এবং সর্বহারা জোট সরকারের যে অত্যাচারের যে নির্যাতন ২০০৮ সালের নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে যে দায়িত্ব আপনি গ্রহন করেছেন আপনার সুযোগ্য নেতৃত্বে এই রাজশাহী বিভাগ বিশেষ করে বাগমারার শিক্ষার উন্নয়ন এলাকায় পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সান্টু বলেন, আপনার সুযোগ্য নেতৃত্বে এই বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন ভাতার কারণে মানুষ উপকৃত হচ্ছে এবং মানুষ বর্তমানে সুখে আছে। আইনশৃঙ্খলার বর্তমান অবস্থা অত্যন্ত ভালো।গুলশান এবং শোলাকিয়ার মানুষকে হত্যা করার পরে আপনি জঙ্গিবাদের বিরুদ্ধে যে অবস্থান ঘোষণা করেছেন, ইতোমধ্যে আমরা বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক এবং জনপ্রতিনিধিদের নেতৃত্বে আইনশৃঙ্খলা কমিটির মিটিং করেছি এবং বিশেষ করে আমার বাগমারাসহ প্রতিটি উপজেলার স্কুল কলেজ মাদরাসাগুলোতে আমরা জনসভা এবং আলোচনা সভা এবং রাস্তায় দাড়িয়ে প্রতিবাদ জানিয়ে একটা ব্যাপক গনজাগরণ এই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সান্টু আরো বলেন, আপনি দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী শহীদ কামারুজ্জামানের রক্তস্নাত এই রাজশাহীতে আমাদের মাননীয় মন্ত্রী আছেন, এমপিগণ আছেন বিশেষ করে আমাদের সাবেক মেয়র আছেন। সকলে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়ে প্রশাসন পুলিশ র্যাব বিডিআরকে নিয়ে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলেছি। আর একটি কথা বলব মাননীয় প্রধানমন্ত্রী, আমার বাগমারা উপজেলায় অনেক বিদ্যালয়গুলোতে বেঞ্চ নাই। ছাত্র-ছাত্রীদের বাসার অসুবিধা হয়। আপনি দয়া করে এগুলো বরাদ্দ দিবেন এই বাগমারায়।
স/আর









