সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশে ঘুষ গ্রহণ বা দুর্নীতির ক্ষেত্রে সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা অভাব বেশ প্রকট হয়ে উঠেছে, যা বাংলাদেশকে প্রভাবিত করছে বা ভোগাচ্ছে বলে ওয়ার্ল্ড ইকনোমিকের এক জরিপে উঠে এসেছে।
ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের ‘গ্লোবাল সাপার্স অ্যানুয়াল সার্ভে-২০১৬’-এ বাংলাদেশের এ চিত্র তুলে ধরা হয়েছে। গত বুধবার সংস্থাটির ওয়েবসাইটে এ জরিপের ফল প্রকাশ করা হয়।

সম্প্রতি পরিচালিত ওই জরিপে কোন বিষয়গুলো বাংলাদেশকে মারাত্মকভাবে প্রভাবিত করছে- এমন প্রশ্নের জবাবে দেশের মোট ৬৭২ জন যুবক পাঁচটি বিষয় উল্লেখ করেন। তারা বলেন, বর্তমানে অর্থনীতি, রাজনীতি, মূল্যবোধ, প্রযুক্তি এবং ব্যবসা ক্ষেত্রে ঘুষ বাংলাদেশকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।
জরিপে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক স্বাধীনতা ও স্থিতিশীলতার অভাব এবং নিরাপত্তার অভাবও বাংলাদেশকে ভোগাচ্ছে মারাত্মকভাবে।
এছাড়া কোন বিষয়গুলো বিশ্বকে মারাত্মকভাবে প্রভাবিত করছে-এমন প্রশ্নের জবাবে তারা বলেন, জলবায়ু পরিবর্তন অথবা প্রাকৃতিক সম্পদ ধ্বংস, ধর্মীয় সংঘাত, বড় ধনের সংঘাত বা যুদ্ধ ক্রমান্বয়ে বিশ্বকে প্রভাবিত করছে।
এ জরিপে বিশ্বের ১৮৭টি দেশ থেকে ১৮ থেকে ৩৫ বছর বয়সী মোট ২৬ হাজার ৬শ’ যুবক অংশ নেন। যার মধ্যে ৫৭ জন মনে করেন দুর্নীতিই এখন বিশ্বের সবচেয়ে মারাত্মক বা ক্ষতিকর বিষয়।
জরিপে অংশ নেওয়া অধিকাংশ বাংলাদেশি যুবক মনে করেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, গভর্নর, মেয়র ও সরকার দলীয় নেতাদের ক্ষমতার অপব্যবহার অথবা দুর্নীতি তাদের হতাশ করেছে।
তারা আরও উল্লেখ করেছেন, দুর্নীতির পর বাংলাদেশে জবাবদিহিতার অভাব, অসৎ এবং প্রশাসনিক জটিলতাও তাদের ক্রমান্বয়ে হতাশ করে।
জরিপের তথ্য অনুযায়ী, ব্যবসা শুরু বা উদ্যোক্তা হওয়া, ইন্টারনেটে প্রবেশাধিকার, বিনামূল্যে গণমাধ্যম বা সামাজিক মাধ্যম ব্যবহার, বিশ্বায়ন এবং সরকারের স্বচ্ছতা বাংলাদেশে যুবকদের ক্ষমতায়নে অবদান রাখছে।
সূত্র: বাংলা ট্রিবিউন









