বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় এসএসসি পরীক্ষার্থীদের কাছে থেকে ফরম পূরনের অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাঘা উপজেলার পদ্মার চরের মধ্যে চকরাজাপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীর রয়েছে ৮৩ জন। এই শিক্ষার্থীরা অধিকাংশ দরিদ্র পরিবারের সন্তান। তাদের কাছে থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য দুই হাজার ৫০০ টাকা ও মানবিক বিভাগের জন্য দুই হাজার ৪০০ টাকা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে অর্ধেক শিক্ষার্থীরা বাড়ির গরু-ছাগল বিক্রি করে ফরম পূরণ করেছে। বাকি অর্ধেক শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারেনি। ফলে তাদের পরীক্ষা দেওয়া অনিশ্চিয়তার মধ্যে পড়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিযুল আযম বলেন, বিষয়টি আমার জানা নেই। অতিরিক্ত টাকা নেওয়ার নিয়ম নেই। তবে নিয়ে থাকলে আমি নিজে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব।
অভিযোগ অস্বীকার করে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বলেন, ১৪ বিষয়ের ফি, সনদ ফি, ক্রীড়া ফি, মার্ক সনদ ফি, কেন্দ্র ফি, বেতন, ব্যবহারিক ফি, কোচিং ফি ধরে ফরম পূরনের টাকা নির্ধারণ করা হয়েছে। কোন অতিরিক্ত টাকা নেওয়া হয়নি। কেউ প্রতিহিংসায় এমন কাজ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম সিল্কসিটি নিউজকে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা একাডেমি সুপারভাইজারকে তিন দিনের মধ্যে তদন্ত করে রিপোট প্রদানের নির্দেশ দিয়েছি। রিপোর্ট দেখে ব্যবস্থা নেওয়া হবে।
স/শ










