নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করে ফের ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকের এ ঘটনায় অন্তত ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের মধ্যে মাসুম আকন্দ (২২) নামের এক শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি রুয়েটের গ্লাস ও সিরামিক কৌশল বিভাগের ছাত্র ও ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে। অপরজনদের নাম পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় মাসুম আকন্দ নামের এক শিক্ষার্থীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাত আটটার দিকে একই ঘটনার জের ধরে রুয়েটের রসায়ন বিভাগের শিক্ষক ও আওয়ামী লীগ নেতা সিদ্ধার্ধ শঙ্কর রায়কে লাঞ্চিত করার ঘটনা ঘটে। ল্যাপটপ চুরির জের ধরে রুয়েট ছাত্রলীগের কর্মী সাকিল কবীরকে চড় মারাকে কেন্দ্র করে ওই শিক্ষককে লাঞ্চিত করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ নিয়ে ওইদিন রুয়েটের শহীদ জিয়াউর রহমান হলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মহানগর ছাত্রলগের একটি গ্রুপ এসে শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর রায়ের পক্ষ নিলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। এরই মধ্যে বৃহস্পতিবার রাত নয়টার দিকে রুয়েট ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
স/আর










