নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে মাদক মামলার একজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিকে জরিমানা করা হয়েছে দশ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক কেএম শহীদ আহম্মেদ এ রায় দেন।
রায় প্রদানের সময় আসামী কাঠাগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম আশরাফুল আলম (২৩)। তিনি রাজশাহীর তানোর উপজেলার চাপড়া এলাকার মকশেদ আলীর ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটার ইসমত আরা বেগম জানান, ২০১৫ সালের ১৩ মার্চ রাজশাহী পুঠিয়া সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পুঠিয়ার রাজশাহী-নাটোর মহাসড়কে অভিযান পরিচালনা করে।
এসময় ঢাকাগামী দেশ ট্রাভেলসের যাত্রী ও মাদক ব্যবসায়ী আশরাফুল আলমকে ৩৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরের দিন সার্কেলের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদী হয়ে আশরাফুলকে আসামী করে পুঠিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
মামলায় ছয় জনের স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন।
স/অ










