নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী এক রুয়েট শিক্ষককে লাঞ্ছিতের জেরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও রাজশাহী নগর ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে রুয়েটের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের দুইটি ল্যাপটপ চুরি হয়। খবর পেয়ে রুয়েটের সহকারী ছাত্রকল্যাণ পরিচালক ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিদ্ধার্থ শংকর ওই হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালাতে যান। একপর্যায়ে রুয়েট শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শাকিল কবিরের ৪৩০ নং কক্ষে গেলে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাকিলকে চড় মারেন সিদ্ধার্থ। এ সময় শাকিল ছাত্রলীগের অন্য নেতাকর্মীদের নিয়ে সিদ্ধার্থের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা সিদ্ধার্থকে হল প্রাধ্যক্ষের কক্ষে আটকে রাখলে তিনি বিষয়টি নগর ছাত্রলীগের নেতাকর্মীদের জানান। নগর ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলে উভয়পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় নগর ছাত্রলীগের নেতাকর্মীরা হলের গেটের ভেতরের অবস্থান নেওয়া রুয়েট ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ইট ছোঁড়েন, গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। হলের গেটের কয়েকটি জানালার কাঁচ ভাংচুরও করেন তারা। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আটকে থাকার পর নগর ছাত্রলীগের হস্তক্ষেপে হলে থেকে বের হন সিদ্ধার্থ। পরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে শিক্ষক ও আওয়ামী লীগ নেতা সিদ্ধার্থ বলেন, ‘শাকিলের রুমে তল্লাশি করতে গেলে সে আমার সঙ্গে দুর্ব্যবহার করে। পরে তারা আটকে রেখে আমাকে লাঞ্ছিত করে। বাধ্য হয়ে আমি বাইরে অন্যদের জানাই।’
তবে লাঞ্ছিতের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা শাকিল কবির বলেন, ‘সিদ্ধার্থ স্যার হঠাৎ করে হলে এসে আমাকে দেখা করতে বলেন, তখন আমি হলের বাইরে টিউশনিতে ছিলাম। সেখান থেকে আসতে দেরি হওয়ায় সে আমাকে মোবাইলে হুমকি-ধামকি ও গালিগালাজ করেন। পরে রুমে আসার সঙ্গে সঙ্গে তিনি আমার শার্টের কলার ধরে মারধর করেন। আমরা ঠেকাতে গেলে ধস্তাধস্তি হয়।’
এ বিষয়ে রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল বলেন, ‘ভুল বোঝাবুঝি নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে ডাবলু ভাই আমাদের নিয়ে বসে বিষয়টি মীমাংসা করে দিয়েছেন।’
মতিহার থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ। তবে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
স/অ










