নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরভবন সম্মেলন কক্ষে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় রাসিকে কর্মরত দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের সরকারী ও সাপ্তাহিক ছুটির দিনে কাজ করানো, নগরীতে অটোরিক্সা চলাচলে সমস্যা, বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বক্তব্য দায়িত্বপ্রাপ্ত মেয়র বলেন, শহীদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা, বিলবোর্ডসহ বিভিন্ন ক্ষেত্রে আয় দ্বিগুণেরও বেশি বৃৃদ্ধি পেয়েছে। সড়ক বাতির বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে, যানবাহনের জ্বালানী ব্যয় কমানো হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন প্রদান সম্ভব হয়েছে। পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য অনুরোধ করেন তিনি।
বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প গ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন এক্ষেত্রে সম্প্রসারিত ওয়ার্ডগুলিকে অগ্রাধিকার প্রদান করা হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ একেএম রাশেদুল হাসান টুলু, প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি মুস্তাক হোসেন রতনসহ রাসিকের কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স/অ










