নিজস্ব প্রতিবেদক:
বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোট গণনা, কেন্দ্র থেকে বের করে দেয়া এবং রির্টানিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বিশেষ করে উপজেলার গণিপুর ইউনিয়নে এসব ঘটনার অভিযোগ বিভিন্ন দপ্তরে হয়েছে।
এমনকি একই রির্টানিং অফিসার স্বাক্ষরিত দু’টি গণনা সিটে প্রাপ্ত দুই ধরনের ভোটের সংখ্যা পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে গণিপুর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী এস এম এনামুল হক বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছেন এবং পুনরায় ভোট গণনার আবেদন জানিয়েছেন।

আবেদনে এসএম এনামুল হক অভিযোগ করেন, উপজেলার ১১ নম্বর গণিপুর ইউনিয়ন নির্বাচনে ভোট গ্রহণের শুরু থেকে নৌকা প্রতীকের এজেন্টদের সাথে ভোটে নিয়োজিত সরকারি কর্মকর্তা, কর্মচারিরা অমানবিক আচরণ করেছেন। নৌকা প্রতীকের এজেন্টদের ভোট গণনার সময় তাদের বের করে দেয়া হয়েছে।
পাশাপাশি বিএনপি প্রার্থীকে জয়ী করার যাবতীয় চেষ্টা করেছেন ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তারা। এরই অংশ হিসেবে ইউনিয়নের ৫, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ভোটের ফলাফল কেন্দ্রে না দিয়ে উপজেলায় দেয়া হয়েছে।
প্রাপ্ত ভোটের ফলাফল কেন্দ্রে দেয়ার বিধি থাকলেও ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী করার লক্ষ্যে নৌকা প্রতীকের বিপক্ষে ভোট সংশ্লিষ্টরা অবস্থান নিয়েছেন। এ অবস্থায় নির্বাচন অফিসারের নিকট মোবাইল ফোনে উপজেলা পর্যায়ে ভোট গণনা স্থগিতের আবেদন জানানো হয়।
তবে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে একদিকে প্রতিশ্রুতি ভঙ্গ করেন এবং অন্যদিকে এজেন্টদের মারপিট ও সমর্থকদের ওপর লাঠি চার্জ করে ভোটের বাক্স উপজেলা নিয়ে যাওয়া হয়। পাশাপাশি সেখানে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এমনকি বিধি মোতাবেক এজেন্টদের স্বাক্ষর ও ফলাফল সিট প্রদানের কথা থাকলেও এবং ভোট কেন্দ্রের দেওয়ালে ফলাফল ঝুলানো হয়নি।
অভিযোগ বিষয়ে বাগমারা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, যে কেউ অভিযোগ দিতে পারেন। এই অভিযোগও পেয়েছি। তবে ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে এবং ভোট গণনায় সঠিক রয়েছে। দু’টি সিটে ভোটের ফলাফলে দু’রকমের প্রাপ্ত ভোট পাওয়া গেছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বার্তা সীটে কমবেশী হতে পারে। কিন্তু মূল সীটে সঠিকটাই আছে।
স/আর










