নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে সাম্প্রদায়িক হামলা ও মন্ত্রী ছায়েদুল হককে জাতীয় সংসদ থেকে বহিষ্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা হিন্দু না, মুসলিম না, বৌদ্ধ না, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। স্বাধীনতা যুদ্ধে হিন্দু, মুসলিম সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। এ রকম একটি অসাম্প্রদায়িক দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা কখনও মেনে নেওয়া যায় না। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী বাহ্মণবাড়িয়ায় ঘটনার জড়িতদের বিচার করবেন। এছাড়া এ ঘটনায় যদি আইন-শৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকে তাহলে তদন্তের মাধ্যমে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

এ সময় বক্তারা মন্ত্রী ছায়েদুল হকের প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, ‘এতগুলো বাড়ি ও মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরপর মন্ত্রীর উপস্থিতিতে আবারও সেখানে হামলা হয়। তারপরেও মন্ত্রী বলে এখানে তেমন কোনও ঘটনা ঘটেনি, সাংবাদিকরা বাড়িয়ে লিখেছে। এছাড়া তিনি নাকি হিন্দুদের মালাউন বলেছে। একজন জনপ্রতিনিধি কীভাবে একটি সম্প্রদায়কে অভিশপ্ত বলতে পারে। যদি তিনি এরকম কিছু বলে থাকে তাহলে অবশ্যই তাকে বিচারে আওতায় আনা হোক’।
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী প্রসেনজিতের সঞ্চালনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক ও ফোকলোর বিভাগের শিক্ষার্থী টগর মো. সালেহ, আইন বিভাগের আসাদুজ্জামান নিউটন, বাংলা বিভাগের চিন্ময় কুমার, কিরণ, নৃ-বিজ্ঞান বিভাগের তপু মন্ডল প্রমুখ।
স/শ










