নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালীতে পুলিশ চেক পোস্টের সামনে পরিত্যক্ত অবস্থায় ৫টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে মতিহার থানা পুলিশ চেক পোস্টের একটু দূর থেকে লাল স্কচটেপে মোড়ানো বোমাগুলো উদ্ধার করে। পরে সেগুলো নিস্ক্রিয় করা হয়।

নগরীর মতিহার থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সুশান্ত কুমার রায় বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা নিয়মিত চেকপোস্ট পরিচালনা করে থাকি। এর ফলে রাজশাহী মহানগরীর ভেতরে কেউ অস্ত্র বা গোলাবারুদ নিয়ে প্রবেশ করতে পরে না। সন্ত্রাসীরা দূর থেকে আমাদের দেখে এ বোমা সদৃশ বস্তুগুলো ফেলে রেখ চলে যায়।
পরে একজন পথচারি রাস্তার ধারে একটি ব্যাগের মধ্যে বোমাগুলো পড়ে থাকতে দেখে চেক পোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের খবর দেয়। এরপর সেগুলো উদ্ধার করে নিস্ক্রিয় করা হয়।
ওই পুলিশ কর্মকর্তা সিল্কসিটি নিউজকে আরো বলেন, সকাল থেকেই নগরীর ভেতরে যানবাহন প্রবেশের সময় তল্লাশি করা হচ্ছিল। এসময় সকাল সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা বোমাগুলো নিয়ে প্রবেশ করার চেষ্টা করে। তবে চেক পোস্টের পুলিশের কাছে ধরা পড়তে পারে-এমন আতঙ্কেই সেগুলো ফেলে চলে গেছে হয়তো।
এদিকে প্রত্যক্ষ একজন পথচারি সিল্কসিটি নিউজকে জানান, পালসার লাল রং-এর মোটরসাইকেলে করে তিনজন আরোহী বানেশ্বর দিক থেকে নগরীর দিকে আসছিল। এসময় কাটাকালি পৌরসভার পূর্বপাশে অবস্থিত পুলিশ চেক পোস্টের কাছাকাছি এসে ওই আরোহীরা ব্যাগটি ফেলে দিয়ে চলে যায়।
স/আ









