নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। আজ দুপুরে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকতা রেজাউস সাদিক।
ডিবি পুলিশ পরিদর্শক রেজাউস সাদিক জানান, অভিযুক্ত আটজনের মধ্যে জঙ্গি খাইরুল ইসলাম বাধন, নজরুল ওরফে বাইক হাসান ও ওসমান আইন শৃঙ্খলাবাহিনীর অভিযানে নিহত হয়েছে। বাকি পাঁচজনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শরিফুল ইসলাম পলাতক আছে। অপর আসামী মাসকাওয়াত আবদুল্লাহ, রিপন, আব্দুস সাত্তার ও রহমতুল্লাহ কারাগারে আছে।
পুলিশ কর্মকর্তা জানান, ব্লগার, মুক্তমনা, প্রগতিশীল ব্যক্তিদের টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে অধ্যাপক রেজাউল করিমকে হত্যা করে জঙ্গিরা।
গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগন এলাকায় নিজ বাসার অদূরে খুন হন ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী। এ ঘটনায় তার পরিবারে পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। অধ্যাপক রেজাউল হত্যার বিচার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

স/আর









