বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় যাত্রীবেশী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সৈকত জামান (৩৮) নামের এক অটোচালক গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
অটোচালক সৈকত উপজেলার বারইপাড়া গ্রামের আলীমুদ্দিনের ছেলে।
আহত সৈকতের বরাত দিয়ে স্থানীয়রা জানান, রাতে চারজন যাত্রী মালঞ্চি থেকে ছাতিয়ানতলা যাওয়ার উদ্দেশ্যে সৈকতের অটো ভাড়া করে। পথিমধ্যে মালঞ্চি-ছাতিয়ানতলা সড়কের মাঝখানে ছাতিয়ানতলা ফাঁকা মাঠের মধ্যে একটি মোটর সাইকেল দিয়ে গতিরোধ করে। এরপর যাত্রীরাসহ তারা চালক সৈকতকে ছুরিকাঘাত করে আহত করে। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশংকাজনক হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাগাতিপাড়া থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অটো ও আঘাত করা ছুরি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স/অ










