নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে শিবিরের ৫ কর্মীসহ মোট ২৯ জনকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালায়। এসময় বোয়ালিয়া মডেল থানা পুলিশ ৯ জনকে, রাজপাড়া থানা ১২ জনকে, মতিহার থানা ৫ জনকে, শাহমখদুম থানা ১ জনকে এবং ডিবি পুলিশ ২ জনকে আটক করে। যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৫ জন জামায়াত-শিবির, ৩ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদকসেবীও রয়েছে।

পুলিশ জানায়, রাজপাড়া থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম, অফিসার ইনচার্জ আমান উল্লাহ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা’র নেতৃত্বে ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী ১০১ নং বাসায় অভিযান পরিচালনা করেন।
এসময় জামায়াত-শিবির কর্মী ও জেলার দুর্গাপুর উপজেলার আড়ইল গ্রামের ইসমাইলের ছেলে সাব্বির আহম্মেদ (১৮), গোদাগাড়ী উপজেলার বালিকাপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে এহসান উল্লাহ বিপ্লব (১৮) ও সৈয়দপুর গ্রামের আসাদুল হকের ছেলে রুবেল আলী (১৮), নোয়াখালি জেলার নুর করিম (১৮) এবং চাঁদপুর জেলার রিয়াজুর রহমানকে(১৮) আটক করেন।
এসময় তাদের নিকট থেকে জামায়াত-শিবিরের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বই, লিফলেট ও ক্যালেন্ডার উদ্ধার করা হয়।
এছাড়াও মতিহার থানা পুলিশ কাপাসিয়া পূর্বপাড়া এলাকা হতে ৩০ লিটার চোলাইমদসহ রাজিবকে (৩৫), ডিবি পুলিশ বন্ধগেট এলাকা হতে ১০ পিচ ইয়াবাসহ রানাকে (২২) এবং মহিষবাথান এলাকা হতে ৭ বোতাল ফেনসিডিলসহ বাদশাকে (৪০) আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং রবিবার দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
স/আর









