গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে নীলবোনা গ্রামে দুইপক্ষের সংঘর্ষে সোবহান (৬৫) নামের এক মুক্তিযোদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা।
জানা যায়, গতকাল মঙ্গলবার নীলবোনা গ্রামে একটি চায়ের দোকানে একই এলাকার আলম (৩৫) নামে এক ব্যক্তির সাথে আহত মুক্তিযোদ্ধা সোবহানের ভাতিজা বাবু (২২) এর সাথে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এর জের ধরে বাবুর আত্মীয় স্বজনদের সাথে প্রতিপক্ষ আলম ও তার আত্মীয়দের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় খোরশেদের মাথায় আঘাত লেগে রক্তাক্ত হয় ও প্রতিপক্ষ আলমের ভাই আসলামের হাত ভাঙে।

বুধবার বিকেলে বিষয়টিকে নিয়ে স্থানীয় যুবলীগ নেতা মোঃ রাজেস দু’পক্ষের সাথে কথা বলে মিমাংসার উদ্দ্যোগ নিয়ে ব্যর্থ হন।
এরপরে আলমের ভগ্নিপতি সাগর (৪৫) এর সাথে মুঠোফোনে যোগাযোগ হলে সাগর ও জামায়াত নেতা আজাদ সাগরের বাড়ীর মধ্যেই বীরমুক্তিযোদ্ধা সোবহানকে মীমাংসার কথা বলে ডেকে ঘরের মধ্যে বিছানায় বসিয়ে ধারালো অস্ত্র দ্বারা মাথায়, চোখের কোনায় দু’হাতের কব্জিতে কুপিয়ে রক্তাক্ত করে। এতে সোবহান চেচামেচি করলে স্থানীয় লোকজন জানতে পেরে দ্রুত সোবহানকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করে। এ অবস্থায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, এ ঘটনায় ১০ জনকে আসামী করে আব্দুল গাফ্ফার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
স/শ










