সদ্য প্রকাশিত
রাজশাহী

রাবিতে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ৭দিনের ক্লাস বর্জন

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাবিতে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ৭দিনের ক্লাস বর্জন

রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আকতার জাহান জলি ও শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে এবার সাতদিনের জন্য ক্লাস বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।

তবে পরীক্ষা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। আগামী ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর তারা এ কর্মসূচি পালন করবে।

 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিপুর সহপাঠী মেহেদী হাসান রুবেল বলেন, ‘আমাদের শিক্ষক আকতার জাহান ও শিক্ষার্থী লিপু মৃত্যু তদন্তে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় আমরা হতাশ।

 

তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। আগামী ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বিভাগের সকল বর্ষের ক্লাস বন্ধ থাকবে। তবে পরীক্ষা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।’

 

তিনি আরও জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় মশাল মিছিল কর্মসূচিও পালন করা হবে। আর আগামীকাল বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে শিক্ষার্থী সমাবেশের আয়োজন করা হয়েছে।
এর আগে মানববন্ধন, র‌্যালি, প্রদীপ প্রজ্বালন, গণস্বাক্ষর, পথনাট, গণসংগীতসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিভাগের শিক্ষার্থীরা। এসব আন্দোলনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একাত্ত্বতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর শিক্ষক জলির লাশ নিজ কক্ষ থেকে উদ্ধার করে পুলিশ। পরদিন মতিহার থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন জলির ভাই কামরুল হাসান। কিন্তু তার দেড় মাস পরেও ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট দিতে পারেনি পুলিশ।

 

অন্যদিকে, ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন বিকেলে লিপুর চাচা বাদী হয়ে নগরীরর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়।

 

স/আ

 

স/আ