বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে দু’টি উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি জেলা পরিষদ ও একটি ইউপি নির্বাচন। এতে জেলা পরিষদের ১২ নম্বর ওয়ার্ডের (গাবতলী) সদস্য পদে এ আই ফয়সাল খান জনি (টিউবওয়েল মার্কা) এবং রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেকেন্দার আলী (নৌকা) নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার জেলা পরিষদের সদস্য পদের উপ-নির্বাচন গাবতলী উপজেলা পরিষদ হলরুমে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে এ আই ফয়সাল খান জনি ১৪২ ভোট পেয়ে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগ নেতা অধ্যাপক নাছিরুজ্জামান টিটো পেয়েছেন ৫ ভোট। ১৫৭ জন ভোটারের মধ্যে ১৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অপরদিকে একই দিনে রামেশ্বপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সেকেন্দার আলী ৭ হাজার ৬১০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা আব্দুল ওহাব মন্ডল (মোটরসাইকেল) পেয়েছেন ৩ হাজার ৮১২ ভোট।

স/শা










