সিল্কসিটিনিউজ ডেস্ক :
যমুনা ও বাঙালি নদী বেষ্টিত বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলা। সোমবার (২২ জুলাই) যমুনা পয়েন্টে পানি কমে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, যমুনার পানি কমলেও ধীরে ধীরে বাঙালি নদীর পানি বাড়ছে। বাঙালি নদীর পাশ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় পানি বিভিন্ন ফসলি জমিতে ঢুকছে। এতে তলিয়ে যাচ্ছে নানা ধরনের ফসলি জমি।

বন্যার পানি ফসলি জমিতে ঢুকায় এ পর্যন্ত জেলার তিন উপজেলার প্রায় ১২ হাজার ২৩০ হেক্টরের মতো আবাদি ফসলি জমি তলিয়ে গেছে। এরমধ্যে রয়েছে পাট, রোপা আউশ, রোপা আমন বীজতলা, মরিচসহ নানা ধরনের সবজি ক্ষেত।
চলতি বন্যায় এই তিন উপজেলার প্রায় ৬২ হাজারের বেশি কৃষক পরিবার ক্ষতির মুখে পড়েছে।
রোববার (২১ জুলাই) পর্যন্ত বন্যায় প্রায় ১২৩ কোটির টাকার ফসলের ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। কারণ বাঙালি নদীর পানি ক্রমেই বাড়ছে। এই পানি প্রতিনিয়ত বিভিন্ন ফসলি জমিতে ঢুকছে। এতে নিত্য নতুন ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়ে পড়ছে।










