সদ্য প্রকাশিত
রাজনীতি

এমপিদের হাতে টিআর কাবিখার বরাদ্দ দেয়া উচিত নয়

নিউজ ডেস্ক১ জুলাই ২০১৯২ মিনিট পড়া
এমপিদের হাতে টিআর কাবিখার বরাদ্দ দেয়া উচিত নয়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির বরাদ্দ সংসদ সদস্যদের হাতে দেয়া উচিত নয়।

এই বরাদ্দ স্থানীয় সরকারের হাতে দেয়া উচিত। জাতীয় সংসদের ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রোববার বিএনপি থেকে মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এই দাবি জানিয়েছেন।

তিনি আরও বলেন, টিআর, কাবিখার পেছনে দৌড়ঝাঁপ করা এমপিদের কাজ নয়। তাদের কাজ আইন প্রণয়ন, আইন সংশোধন ও মন্ত্রিসভা গঠন করা। টিআর, কাবিখা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।

রুমিন ফারহানা এমপি বলেন, এমন পার্লামেন্টে বসেছি যেখানে কোনটা সরকারি দল আর কোনটা বিরোধী দল কিছুই বুঝতে পারছি না।

দেশের চিকিৎসা ব্যবস্থা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, শীর্ষ পদে থাকা ব্যক্তিদের দেশের চিকিৎসা ব্যবস্থায় ভরসা নেই। স্বাস্থ্য খাতে কমপক্ষে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেয়ার কথা- যার আশপাশেও নেই আমরা।

এবার আমাদের বরাদ্দ হয়েছে দশমিক ৮৯ শতাংশ। যেটা দক্ষিণ এশিয়ায় সব থেকে কম। শ্রীলংকা, ভারত, নেপাল, ভুটান ও মালদ্বীপে যথাক্রমে বরাদ্দ জিডিপির ২ শতাংশ, ২.৩, ২.৫, ২.৬ এবং ১০.৮ শতাংশ।

এ সময় স্বাস্থ্য সেবা খাতে বরাদ্দ অপ্রতুল, দেশে চিকিৎসা সেবার মান খারাপ, যার জন্য বিদেশে কোটি কোটি টাকা খরচ করে চিকিৎসা করতে যাওয়ার অভিযোগ করেন এই সংসদ সদস্য।