সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য-যুদ্ধ আবারও তীব্র হয়েছে। আর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর প্রভাব নিয়ে বাড়ছে স্বর্ণে বিনিয়োগ। ফলে আন্তর্জাতিক বাজারে আবার বাড়তে শুরু করেছে মূল্যবান এ ধাতুর দাম।
আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম সর্বশেষ লেনদেনে শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে হয়েছে আউন্সপ্রতি এক হাজার ২৮৬ ডলার। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বর্ণের দাম শূন্য দশমিক ১৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি হয়েছে এক হাজার ২৮৭ ডলার।

সাধারণত ডলারের মান যখন দুর্বল হয়ে ওঠে, তখন স্বর্ণসহ নির্ধারিত বিভিন্ন ধাতুতে বিনিয়োগ করায় নিরাপদ বোধ করেন বিনিয়োগকারীরা। ফলে ধাতুটির দাম বাড়ে। আর ডলার শক্ত অবস্থানে থাকলে স্বর্ণের দাম কমে। তাছাড়া রাজনৈতিক বা আর্থিক কোনো অস্থিরতা দেখা দিলেও এ পণ্যটির দর বাড়ে। কারণ এ সময় এ খাতে বিনিয়োগের পরিমাণ বেড়ে যায়। স্বর্ণকে তখন মানুষ নিরাপদ বিনিয়োগ ভাবে।
ওএনডিএর এশিয়া প্যাসিফিকের সিনিয়র বাজার বিশ্লেষক জেফরে হ্যালে বলেন, যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য-যুদ্ধ বিশ্ব প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তাই এ মুহূর্তে ঝুঁকি এড়াতে স্বর্ণের দিকে এগোচ্ছে বিনিয়োগকারীরা।









