নাটোর

যুবলীগকর্মী খুন, আটক আ’লীগ কর্মীর জবানবন্দি

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া

নাটোর প্রতিনিধি:
নাটোর পৌরসভার ৮নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী আব্দুর রাজ্জাকের দখলে থাকা রেলওয়ের পুকুর নিয়ন্ত্রণে নিতেই নিজ দলের নেতা-কর্মীরা তাকে হত্যা করে। এই হত্যাকাণ্ডে অংশ গ্রহণ করে ৭জন ব্যক্তি। যুবলীগ কর্মী আব্দুর রাজ্জাক হত্যাকাণ্ডের এমন বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামীলীগ কর্মী জুয়েল হোসেন।

এদিকে, জুয়েলের জবানবন্দির পর সোমবার রাতে সদর উপজেলার রামনগর এলাকা থেকে তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার অফির উদ্দিনকে আটক করেছে পুলিশ। আটক অফির উদ্দিন আখের মোড় এলাকার নবির উদ্দিনের ছেলে।

জুয়েল আদালতে তার জবানবন্দীতে জানায়, সদর উপজেলার ইয়াসিনপুর রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের ৪টি পুকুর দখল নিতে তারা আব্দুর রাজ্জাককে হত্যার পরিকল্পনা নেয়। বেশ কয়েকবার তাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় তারা। এরপর চলতি বছরের ০২ মে বিকেলে তার পুকুর পারে ডেকে নেয় তারা।

গভীর রাতে রাজ্জাককে খাওয়ানো হয় চোলাই মদ। চোলাইমদ খাওয়ানো অবস্থায় রাজ্জাক প্রকৃতির ডাকে সারা দিতে পুকুর পারে গেলে সেখানে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর হত্যায় অংশ নেওয়া ৭ জন লাশটি রেললাইনে ফেলে চলে যায়।

পুলিশের সূত্রগুলো জানায়, হত্যায় অংশ নেওয়া কয়েকজন ৩মে সকালে ঘটনাস্থলে গিয়ে এটা আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশের সন্দেহৃ হওয়ায় তাদের এই চেষ্টা ব্যার্থ হয়।

এব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা অফির উদ্দিন আটকের বিষয়টি স্বীকার করে বলেন, আটক অফিরকে হত্যাকান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে আর কে কে জড়িত সে বিষয়ে জানার চেষ্টা চলছে।
স/আ