নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বিভাগীয় কমিশনারের অফিসে মিটিং-এ এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। আজ সোমবার সকাল ১০টার দিকে রামেক হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত জেলা প্রশাসকের বাড়ি গোপালগঞ্জে। সোমবার সকালেই তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে আসেন বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক করতে। ওই বৈঠকের উপস্থিত হওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
এর পরই তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান সিল্কসিটি নিউজকে জানান, মিটিং শুরু হওয়ার দুই এক মিনিট আগে তিনি মোবাইল ফোনে জরুরী কথা বলতে বাইরে চলে যান। মোবাইলে কথা বলা অবস্থায় তিনি পড়ে যান। এরপর তাকে উদ্ধার করে রামেক হাসমপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে পড়ে গিয়েই তার মৃত্যূ হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে তার লাশ চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। চাঁপাইনবাবগঞ্জে নিজ কর্মস্থলে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়ি গোপালগঞ্জে দ্বিতীয় জানাযার পর তার দাফন সম্পন্ন হবে ।
স/শ









