সিল্কসিটিনিউজ ডেস্ক:
কারাগারে আটক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে চিকিৎসা সুবিধা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবহেলা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ‘রুহুল কবির রিজভী সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে একজন সোচ্চার কণ্ঠ বলেই তিনি সরকারের রোষানলের শিকার। তার মতো একজন জাতীয় নেতা কারাগারে ভীষণ অসুস্থ হলেও তাকে সুচিকিৎসা দিতে কর্তৃপক্ষ চরম অবহেলা করছে।’
গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘এ ধররেনর আচরণ চরম অমানবিকতা। অসুস্থ রিজভীকে জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে কারাগারে প্রেরণ শাসকগোষ্ঠীর ইচ্ছারই প্রতিফলন।’
রিজভীকে অবিলম্বে সুচিকিৎসা প্রদান এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান অনৈতিক সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে আজ মানবিকতা বোধও হারিয়ে ফেলেছে। তারা বিরোধী দলের নেতা-কর্মীদের নির্মূল করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে সারা দেশকে কারাগারে পরিণত করেছে। দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রের সকল স্তম্ভকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘রিজভী একজন আইনজীবী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বলেই তিনি আদালতে জামিন প্রার্থনা করেছিলেন। মামলার এজাহারে রুহুল কবির রিজভীর নাম না থাকলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় পুলিশ তার নাম মামলায় অন্তর্ভুক্ত করেছে।’
প্রসঙ্গত, রুহুল কবির রিজভী বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন।
সূত্র: রাইজিংবিডি










