অর্থ ও বাণিজ্য

এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় নির্বাচন ঘিরে ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বৃহস্পতিবার সার্কুলার জারি করে নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে কার্যরত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের এক নির্দেশনায় বলা হয়েছে, এটিএম সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। এটিএম বুথে পর্যাপ্ত পরিমাণ টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে। এটিএম বুথের পাশাপাশি সার্বক্ষণিক পস (পিওএস) সেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অনলাইন পেমেন্ট গেটওয়ে বা ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে ‘কার্ড নট প্রেজেন্ট’ এবং অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন (২এফএ) ব্যবস্থা চালু রাখতে হবে।

এদিকে মোবাইল ব্যাংকিং লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রায় আড়াই দিন। সহজে ও দ্রুত টাকা লেনেদেনের এই মাধ্যমটি ভোটের নিরাপত্তার কারণেই বন্ধ রাখা হচ্ছে বলে জানা গেছে।

জাতীয় নির্বাচন, সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডের কারণে টানা চার দিন ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২৮-৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। যে কারণে গতকাল ছুটির আগে শেষ কার্যদিবস উপলক্ষে রাজধানীর ব্যাংকপাড়ায় ছিল লেনদেনে উপচে পড়া ভিড়। প্রয়োজনীয় অর্থ তুলে রাখতে অনেকেই ছুটে গেছে ব্যাংকে। এ জন্য ব্যাংকের বিভিন্ন শাখায় সকাল থেকেই গ্রাহকরা ভিড় জমায়। ভিড় সামলানোর পাশাপাশি ব্যাংকগুলোকে আবার বছরের হিসাব-নিকাশ শেষ করার কাজও করতে হয়েছে।

মতিঝিল, দিলকুশা, পল্টন, গুলিস্তানসহ কয়েকটি এলাকার বিভিন্ন ব্যাংকের শাখায় গিয়ে দেখা গেছে, গ্রাহকের টাকা উত্তোলনে লম্বা লাইন। জানা গেছে, অনেকেই ব্যক্তিগত খরচ বা ব্যবসার খরচের কথা মাথায় রেখেই ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা তুলেছে।

ব্যাংকের এক কর্মকর্তা জানান, চার দিনের ছুটির কারণে শেষ কার্যদিবসে অনেক ভিড় জমেছে। অনেকেই প্রয়োজনীয় টাকা তুলতে এবং লেনদেন সারতে ব্যাংকে এসেছিল।