সিল্কসিটিনিউজ ডেস্ক:
সম্প্রতি শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির নেপথ্যে মূল্যসংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য দিয়েছে কোম্পানিটি।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ১৮ ডিসেম্বর থেকে টানা বাড়ছে শেয়ারটির দর। এক মাসে দর ২১ টাকা ৫০ পয়সা থেকে ৩২ টাকা ৩০ পয়সায় উঠে আসে। ডিএসইতে গতকাল সোনারগাঁও টেক্সটাইল শেয়ারের সর্বশেষ দর ৯ দশমিক ৮৬ শতাংশ বা ২ টাকা ৯০ পয়সা বেড়ে দাঁড়ায় ৩২ টাকা ৩০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১২ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ ৩২ টাকা ৩০ পয়সা।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) ৩৩ পয়সা শেয়ারপ্রতি লোকসান দেখিয়েছে কোম্পানিটি, যা আগের বছর একই সময়ে ছিল ৩১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ১৮ পয়সা।
লোকসানের কারণে ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ দেয়নি সোনারগাঁও টেক্সটাইল। সমাপ্ত হিসাব বছরে এর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা।
২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্যও কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। গেল হিসাব বছরে এর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭ পয়সা ও এনএভিপিএস দাঁড়ায় ২৮ টাকা ৯৪ পয়সায়।
খান সন্স গ্রুপের কোম্পানিটি শেয়ারবাজারে আসে ১৯৯৫ সালে। বর্তমানে কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভ ৪৪ কোটি ৬৮ লাখ টাকা।









