সিল্কসিটিনিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জে গ্যাসের পাইপ লাইনের ছিদ্র থেকে আগুন লেগে গতকাল বুধবার একই পরিবারের নয় সদস্য দগ্ধ হন। তাঁদের মধ্যে ছায়া রানী হরিদাস (৬০) নামের একজন বুধবার দিবাগত রাত তিনটার দিকে মারা গেছেন। অন্য আটজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্ব থাকা (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জের ফতুল্লার হকবাজার এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে গ্যাসের পাইপ লাইনের ছিদ্র থেকে আগুন লাগে। আগুনে দগ্ধ ওই বাড়ির ভাড়াটে পোশাক তৈরির দোকানের মালিক শ্রীনাথ চন্দ্র বর্মণের (৪০) ভাষ্য, পরিবারের সবাই দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। ভোরে আলো জ্বালাতেই আগুন দেখতে পান। এ ঘটনায় সবাই দগ্ধ হন। প্রতিবেশী অনাথ চন্দ্রসহ অন্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন।
আগুনে দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন শ্রীনাথ ও তাঁর স্ত্রী অর্চনা (৩৫), মেয়ে অনামিকা (১৫), ছেলে অর্পিত (৯), বোন সুমিত্রা (২৭), জামাতা নারায়ণ চন্দ্র (৪০), ভাতিজা প্রমিত (১৪) ও শাওন (১০)
এসআই বাচ্চু মিয়া বলেন, চারজনের অবস্থা গুরুতর। অন্যদের অবস্থাও আশঙ্কামুক্ত নয়। বদ্ধ ঘরে আগুন লাগলে শ্বাসনালি পুড়ে যায়।










