অর্থ ও বাণিজ্য

রাকাব’র বিজয় মেলায় ২৬০ কোটি টাকা বকেয়া ঋণ আদায়

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে মঙ্গলবার ঋণ আদায় ও বিতরণ সংক্রান্ত বিজয় মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ৩৮১টি শাখা প্রাঙ্গণে মহাসমারোহে আয়োজিত এ মেলায় ২৬০ কোটি টাকা বকেয়া ঋণ আদায় করা হয়; যার মধ্যে শ্রেণীকৃত ঋণের পরিমাণ ছিল ২৭ কোটি টাকা এবং সম্ভাব্য শ্রেণীকৃত ঋণের পরিমাণ ছিল ১৯৯ কোটি টাকা এবং অন্যান্য ঋণ আদায় ছিল ৩৪ কোটি টাকা।

বকেয়া ঋণ আদায়ের পাশাপাশি এই বিজয় মেলায় ফসলী ঋণ, ফার্মার্স ক্রেডিট ঋণ, বর্গাচাষীদের ঋণ, গ্রীণ ব্যাংকিং খাতে ঋণ, ৫% সুদে গাভী খাতে ঋণ, ৪% সুদে মসলা জাতীয় ঋণ এবং ১০ টাকা হিসাবধারীদের ঋণসহ চলতি পুঁজি ও অন্যান্য খাতে প্রায় ১৭৯ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়।

বিজয় মেলায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম রাকাব বগুড়া ও জয়পুরহাট জোনের বিভিন্ন শাখা পরিদর্শনকালে সেখানে ঋণ গ্রহীতা ও অন্যান্য গ্রাহকদের ব্যাপক সমাগম লক্ষ্য করেন এবং বিপুল উৎসাহ-উদ্দীপনা সহকারে অংশগ্রহণ করায় তিনি সকল ঋণ গ্রহীতা ও গ্রাহকদের ধন্যবাদ ও বিজয় মাসের শুভেচ্ছা জানান।

দিনব্যাপি এ বিজয় মেলায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী আলমগীর রাকাব রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জোনের কয়েকটি শাখার বিজয় মেলার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত ঋণ গ্রহীতা ও গ্রাহকদের নিকট হতে বকেয়া ঋণের অর্থ আদায় এবং একইসাথে ঋণ বিতরণ ও আমানত সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ বিজয় মেলায় মহাব্যবস্থাপকগণসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মেলাকে সফল করার জন্য বিভিন্ন জোনের শাখা সমূহ পরিদর্শন করেন এবং সার্বিক সহযোগিতা ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সততা, স্বচ্ছতা ও উত্তম গ্রাহক সেবার মাধ্যমে এই মেলার সার্বিক কার্যক্রম পরিচালিত হওয়ায় এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে অর্জিত সফলতার জন্য ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী আলমগীরসহ জোন ও শাখা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলিতে একইভাবে স্বচ্ছতার সাথে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখে ব্যাংকটিকে বাংলাদেশের একটি মডেল ব্যাংক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
স/শ