সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় আহত স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর মৃত্যু

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
সড়ক দুর্ঘটনায় আহত স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী অনিমেশ বসু (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত অনিমেশ বসু গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার চৈতন্য বসুর ছেলে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল কবির জানান, একটি ইঞ্জিনচালিত মাহেন্দ্র গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া আসার পথে গিমাডাঙ্গা এলাকায় একটি ইজি বাইককে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অনিমেশ বসুসহ তিনজন আহত হন। পরে তাদেরকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অনিমেশের অবস্থার অবনতি ঘটলে প্রথমে খুলনা ও পরে ঢাকার পঙ্গু হাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

এর আগে এ দুর্ঘটনায় রূপালী ব্যাংক টুঙ্গিপাড়া শাখার পিয়ন লিমন মুন্সী (২৪) মারা যান। এ নিয়ে এ দুর্ঘটনায় দুইজন মারা গেলেন।