সিল্কসিটিনিউজ ডেস্ক:
অবৈধ ভিওআইপিতে উদ্ধার করা সিমের সংখ্যায় চার অপারেটরটরের মধ্যে এগিয়ে রবি।
সাধারণত এই অভিযানগুলোতে উদ্ধারকৃত সিমের বেশিরভাগই থাকে সরকারি অপারেটর টেলিটকের। তবে সাম্প্রতিক সময়ের বড় এই অভিযানে দেখা যাচ্ছে রবির সিম সবচেয়ে বেশি। এবার অক্টোবরের ১৪ তারিখ হতে ১ নভেম্বর পর্যন্ত ২৪টি অভিযান চালানো হয় ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন জায়গায়।

অভিযান ও উদ্ধার বিষয়ে জানাতে রোববার সংবাদ সম্মেলন করে বিটিআরসি। এতে জানানো হয় সব মিলে ৪২ হাজার ১৫০ মোবাইল সিম জব্দ করা হয়েছে।
এর মধ্যে ১৬ হাজার ৮১২ টি সিম রবির, টেলিটকের ১৫ হাজার ৯৩৯ টি, বাংলালিংকের ৬ হাজার ১৭৬টি এবং গ্রামীণফোনের ৩ হাজার ২২৩টি।
অবশ্য এর আগে ৯ হতে ২০ সেপ্টেম্বরের অভিযানে উদ্ধারকৃত সিমের সংখ্যায় বেসরকারি অপারেটরদের মধ্যে শীর্ষে ছিল রবি। সেবার টেলিটকের ৫ হাজার ৭৫টি, এয়ারটেল ও রবির ৩ হাজার ৮৯৭টি, গ্রামীণফোনের ১ হাজার ৪১৪টি, বাংলালিংকের ৪২৬টি, র্যাংকসটেলের ১২০টি ও বাংলালায়নের ১৫টি সিম জব্দ করে তারা।

এবার ঢাকার ধানমণ্ডি, তেজগাঁও, কদমতলী, সিদ্ধিরগঞ্জ, পল্লবী, মিরপুর, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, সদরঘাট ও হালিশহর এলাকায় অভিযান চালায় বিটিআরসি।
সেখানে সিম ছাড়াও বিভিন্ন ধরণের সিমপোর্ট মিলিয়ে সর্বমোট ১৪৮টি জিএসএম (সিমবক্স) গেটওয়ে, ২৬৭৭ টি মডেম ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ১কোটি ২৩ লক্ষ ২৩ হাজার টাকা। এ সময় গ্রেফতার করা হয়েছে ২৮ জনকে।
বিটিআরসির সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনে সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহুরুল হক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জড়িতদের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামের সংশ্লিষ্ট থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১–এর অধীনে ২৮ টি মামলা করা হয়েছে ।









