সিল্কসিটিনিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জ উপজেলার মহাসড়কে দুই বাসের প্রতিযোগিতায় একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত ২৪ জন। আজ বুধবার সকালে উপজেলার খেজমতপুর এলাকায় রংপুর-ঢাকা-মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রথম আলোর হিসাব অনুযায়ী, এই নিয়ে গত ৬০৮ দিনে সড়কে প্রাণ ঝরল ৫ হাজার ৪০৬ জনের।

নিহত দুই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বরস চন্দ্র বলেন, মহাসড়কে লালমনিরহাট থেকে ঢাকাগামী টি আর ট্রাভেলসের একটি বাসকে প্রতিযোগিতামূলকভাবে পাশ কাটাতে যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী ইউনাইটেড এক্সপ্রেসের একটি বাস। এ সময় ইউনাইটেড এক্সপ্রেসের বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত ২৪ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও পুলিশের গাড়িতে আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।










