নিজস্ব প্রতিবেদক,নাটোর:
পদ্মার তীব্র স্রোত আর ঢেউয়ে আস্তে আস্তে ডুবে যাচ্ছেন তানজিলা খাতুন। নিজের মৃত্যু নিশ্চিত তারপরও শিশু সন্তানকে বাঁচাতে তুলে নিলেন মাথার ওপর। শেষ পর্যন্ত নিজের জীবন পদ্মার পানিতে সমাহিত করলেও অলৌকিক ভাবে বেঁচে যান তানজিলার শিশু পুত্র। শনিবার রাতে পদ্মা নদীতে নৌকা ডুবে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, লালপুর উপজেলার হবিরচর এলাকার জালেফ উদ্দিনের স্ত্রী তানজিলা খাতুন ছেলে তানভীর সহ একটি বিয়ে বাড়ির নৌকায় করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীরচর গ্রামে বেড়াতে যান। শনিবার রাত ৮টার দিকে একই নৌকাতে করে ফেরার সময় পদ্মা নদীর চিলমারী-জোতাশীর মাঝামাঝি স্থানে অপর দিক থেকে আসা একটি নৌকার সাথে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়।

এ সময় নৌকার ৭-৮ জন যাত্রী বেঁচে গেলেও নিখোঁজ হয় তানজিলা ও তার শিশু পুত্র। ঘটনার প্রায় আধা ঘন্টা পর কুষ্টিয়ার দৌলতপুরের ইসলামপুর গ্রামের অদুরে শিশুটিকে ভেসে থাকতে দেখে এলাকার লোকজন। এ সময় শিশুটিকে উদ্ধার করতে গিয়ে মৃত অবস্থায় তানজিলা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা আরো জানান, পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় তানজিলা খাতুনের মৃত্যু হলেও মায়ের মাথার ওপর বসে থেকে বেঁচে যায় শিশু তানভীর। পদ্মা নদীর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর এলাকায় ওই শিশুকে ভাসমান দেখতে পেয়ে উদ্ধার করতে গিয়ে তানজিলার শিশু পুত্রর পায়ের সাথে মাথার চুল জড়িয়ে যায়।
এ সময় মা-ছেলে দুজনকেই অচেতন আবস্থায় উদ্ধার করা হয়। এরপর প্রাথমিক চিকিৎসাতে শিশুটি বেঁচে গেলেও মৃত্যু হয় তানজিলা খাতুনের। এরপর আজ রোববার বিকেলে লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সুলতানপুর কবর স্থানে তানজিলার মরদেহ দাফন করা হয়।
স/শ










