জাতীয়

গুলশান হামলার পরিকল্পনাকারী নিহত, আটক নারী মেজর জাহিদের স্ত্রী

নিউজ ডেস্ক১০ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় নিহত জঙ্গি করিম গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি আরও জানান, আহত হয়ে আটক তিন নারী জঙ্গির মধ্যে একজন মেজর (অব.) জাহিদের স্ত্রী বলে ধারণা করা হচ্ছে। এই জাহিদ সম্প্রতি রূপনগরে পুলিশি অভিযানে নিহত হন।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

শহীদুল হক বলেন, আহত তিনজন নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের কাছে তথ্য আসে মেজর (অব.) জাহিদের পরিবার আজিমপুরে আত্মগোপনে আছে। তার ভিত্তিতে সেখানে অভিযান পরিচালিত হয়েছে।

অভিযান বিষয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িতে গেলে তারা বোমা, ছুরি ও মরিচের গুঁড়া দিয়ে প্রতিহত করেন। এ সময় আমাদের পাঁচজন আহত হন। তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘‘আহতদের মধ্যে একজন মেজর (অব.) জাহিদের স্ত্রী। আর পুরুষ একজন যার নাম করিম। তিনি গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী,’’ বলেন আইজিপি।

সূত্র:বাংলানিউজ