শিক্ষা

ইবিতে ৫৩ শিক্ষার্থীর ‘খোঁজ নেই’

নিউজ ডেস্ক৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া

ইবি প্রতিনিধি:
দীঘদিন ক্লাসে অনুপস্থিত থাকা ৫৩ শিক্ষার্থীর খসড়া তালিকা প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্র্র্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নির্দেশনা অনুযায়ী কারণ ব্যতিরেখে ১০ দিনের বেশি সময় ধরে ক্লাসে অনুপস্থিত এসব শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয় বলে জানা গেছে। শুক্রবার  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রক্টর জানান, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সভাপতিদের থেকে প্রাপ্ত তথ্য মতে ৫৩জন অনুপস্থিত শিক্ষার্থীর খসড়া তালিকা প্রস্তত করা হয়েছে। এব্যাপারে কোন শিক্ষার্থীর অভিযোগ বা সংশোধনী থাকলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ছাত্রউপদেষ্টা বা প্রক্টরকে অবহিত করতে বলা হয়েছে।

 

এছাড়া, পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে অফিস খোলার পর অভিযোগ যাচাই-বাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তত করা হবে বলে তিনি আরও জানান।

 

খসড়া তালিকায় উল্লিখিত অনুপস্থিত ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে রয়েছে ফোকলোর স্টাডিজ বিভাগের ৬জন, ব্যবস্থাপনা বিভাগের ১১জন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৩জন, মার্কেটিং বিভাগের ৫জন এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের ১৮জন।

 

উল্লেখ্য, অনুপস্থিত শিক্ষার্থীদের বিভাগীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।

স/অ