সিল্কসিটিনিউজ ডেস্ক:
গরুর মাংস ভুনা খেতে সবাই খুব পছন্দ করে আর সঙ্গে যদি মুগডাল থাকে তাহলে তো কথাই নেই। সবাই একেবারে চেটেপুটে খাবে। এই মুগডাল দিয়ে গরুর মাংসের ভুনা কতটুকু সুস্বাদু হতে পারে তা কেবল ভোজনরসিকরাই জানেন।
এই ভুনাটি খেতে যেমন সুস্বাদু তেমনি রান্না করাও খুব সহজ ও ঝামেলাও নেই তেমন। সাহরিতে খাবারের স্বাদ আনতে আর সময় বাঁচতে খেতে পারেন মুগডালে গরুর মাংস।

আসুন জেনে নিই ঝটপট কীভাবে তৈরি করবেন মুগডালে গরুর মাংস।
উপকরণ
গরুর মাংস এক কেজি, মুগডাল ২৫০ গ্রাম (দু-তিন ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে), পেঁয়াজ কুচি ১/২ কাপ, হলুদ গুঁড়া দেড় চামচ, মরিচ গুঁড়া দুই টেবিল চামচ, ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ, জিরা গুঁড়া এক টেবিল চামচ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, আদা ও রসুন বাটা দুই টেবিল চামচ, কাঁচামরিচ সাত/আটট, এলাচ চারটি, দারুচিনি দু-তিনটি, তেজপাতা দু-তিনটি, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভেজে নিন। এরপর এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়তে থাকুন। এরপর পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষাতে হবে। এখন গরুর মাংস দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ১২-১৫ মিনিট মাংস ঢেকে রাখতে হবে। ঢাকনা তুলে নেড়েচেড়ে কাঁচামরিচ দিয়ে দিতে হবে। মাংস ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরপর মুগডাল দিয়ে দিতে হবে। মাংস ও মুগডাল ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। শুধু মাংস নয়, যেকোনো তরকারি ভালো করে কষালে স্বাদ বেশি হয়। তো, হয়ে গেল মুগডাল দিয়ে গরুর মাংসের রেসিপি।









