লাইফ স্টাইল

ডায়বেটিস রোগীদের রোজা

নিউজ ডেস্ক১৭ মে ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডায়বেটিস রোগীদের রোজা থাকা উচিত কি-না তা নিয়ে প্রায়ই আলোচনা হয়। রমজানের সময় রোজা পালন করা মানে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করা। এ কারণে ডায়বেটিস রোগীরাও রোজা থাকতে পিছপা হন না। তবে ডায়বেটিস থাকলে কিছু নিয়ম মেনে চলা জরুরি।

যেহেতু রোজা রাখলে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় এজন্য অনেকসময় ডায়বেটিস রোগীদের শরীরে শর্করার পরিমান কমে যেতে পারে। এ কারনে রোজা শুরুর আগেই ডায়বেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

যেসব রোগী ডায়বেটিসের জন্য ইনসুলিন ব্যবহার করেন রোজার সময় তা বন্ধ করা যাবে না। বরং সেহরি ও ইফতারি করার আগে ইনসুলিন নিতে হবে। তবে পরিমানটা কেমন হবে সেটার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি।

যাদের ডায়বেটিস আছে তাদের নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরিমাপ করা উচিত। অনেকে মনে করেন, রোজা থেকে রক্তে শর্করার পরিমাপ করলে রোজা ভেঙে যায়। কিন্তু অনেক ইসলামিক আলেমের মতে, এই ধারনা ঠিক নয়।

রোজায় শরীরের পানি শূন্যতা দূর করার উপায় হল রাতের বেলা পানি বেশি বেশি পান করা।

ইফতারে বিকল্প চিনি দিয়ে ইসবগুলের ভুষি,তোকমা,লেবু কাঁচা আম বা তেঁতুল শরবত এসব ডায়বেটিস রোগীদের জন্য উপকারী। ডাব ছাড়া অন্যান্য মিষ্টি ফলের রস এ সময় না খাওয়াই ভালো। ইফতারির সময় কাঁচা ছোলার সঙ্গে আদাকুচি,টমেটো কুচি,পুদিনা পাতা খেতে পারেন।

ইফতারির পর অনেকে রাতে একেবারেই খান না। সেটা ঠিক নয়। এই সময় হালকা মসলায় রান্না যে কোনো ছোট-বড় মাছ এবং সবজি নিয়মিত খাওয়া যেতে পারে।

সেহরিতে রুটি অথবা ভাত খেতে পারেন। এগুলোতে থাকা কার্বো হাইড্রেট দীর্ঘক্ষণ শরীরে শক্তি বজায় রাখতে সাহায্য করে। সেহরিতে মাছ ও সবজি খেতে পারেন। এই সময় দুধ অথবা ডাল যে কোনো একটা থাকলে ভালো হয়।

ইফতারে একসঙ্গে বেশি না খেয়ে অনেক খাবার ধাপে ধাপে ভাগ করে খান। এতে রক্তে হঠাৎই শর্করার মাত্রা বেড়ে যাবে না।

যদি রোজা রাখা অবস্থায় কোনো ডায়বেটিস রোগীর প্রসাবে সমস্যা, তীব্র মাথা ব্যথা, বমি বমি ভাব,গা কাঁপা, চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরানো, অতিরিক্ত ঘাম হওয়া  -এসব সমস্যা হয় তাহলে অবশ্যই চিকিসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ এসময় রক্তের সুগার অতিরিক্ত কমে যাওয়া (হাইপোগ্লাইসিমিয়া), সুগার অতিরিক্ত বেড়ে যাওয়া (হাইপারগ্লাইসিমিয়া), পানি শূন্যতা এবং ডায়াবেটিক কিটো এসিডোসিস এ সমস্যাগুলো হতে পারে।