সদ্য প্রকাশিত
বিচিত্র

শীতে এমন গরম ২৫ বছরেও পড়েনি

নিউজ ডেস্ক১২ নভেম্বর ২০১৭৬ মিনিট পড়া
শীতে এমন গরম ২৫ বছরেও পড়েনি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হেমন্তের ভোর শুরু হবে কুয়াশামাখা, সঙ্গে মিষ্টি রোদের আদর। ষড়ঋতুর বাংলাদেশে কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস হেমন্তকাল।

পঞ্জিকার হিসাবে এখন হেমন্তকালের মাঝামাঝি চললেও রাজধানীতে কুয়াশার বদলে মিলছে ধুলা, সঙ্গে কমবেশি তীব্র রোদ। দিনের তাপমাত্রা এতই বেশি থাকে যে রাত পর্যন্ত গড়ায় প্রভাব। গত ২ থেকে ৮ নভেম্বর পর্যন্ত এই এক সপ্তাহে আবহাওয়া অধিদপ্তর দিন ও রাতের যে তাপমাত্রা রেকর্ড করেছে, তা পর্যালোচনা করে দেখা গেছে, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে রাজধানীতে। ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও একই চিত্র। রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি।

ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া যাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের গত এক সপ্তাহের তথ্যেও। ৭ নভেম্বরের উদাহরণ দিয়ে বলা যাক, ওই দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। কর্মকর্তারা গত ২৫ বছরের রেকর্ড ধরে বলছেন, ৭ নভেম্বরের দিকে এসে রাজধানীতে দিনের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মোটামুটি একই চিত্র অন্য বিভাগগুলোতেও।

গত শুক্রবার ছিল ১০ নভেম্বর। এই তারিখে গত বছর যে তাপমাত্রা ছিল, তার থেকে এবার তাপ যথেষ্ট বেশি। গত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩২.০, চট্টগ্রাম ৩২.৫, রাজশাহী ৩১.৫, রংপুর ৩০.৪, খুলনা ৩২.০, বরিশাল ৩২.৪ ও সিলেটে

৩১.৫। একই তারিখে আগের বছর তামপাত্রা ছিল ঢাকায় ৩০.৭, চট্টগ্রাম ৩০.২, রাজশাহী ৩০.৭, রংপুর ৩০.২, খুলনা ৩০.৫, বরিশাল ৩১.০ ও সিলেটে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ১০ নভেম্বর তারিখ এক হলেও সিলেট ছাড়া সব বিভাগেই এবার তামপাত্রা বেড়েছে।

আবহাওয়ার কেন এমন খামখেয়ালি আচরণ, তা জানতে চাইলে জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাতের বক্তব্য—একদিকে যেমন জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে, অন্যদিকে মনুষ্য সৃষ্ট কারণেও কিছু পরিবর্তন দেখা যাচ্ছে।

আবহাওয়ার খামখেয়ালি আচরণ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (সিইইইআর) এক গবেষণায়ও ধরা পড়েছে। সংস্থাটি দক্ষিণের জেলা সাতক্ষীরার শ্যামনগর নিয়ে একটি গবেষণা করে দেখেছে, সেখানে ষড়ঋতুর বৈশিষ্ট্য চোখে পড়ছে না। গ্রীষ্মকাল ধীরে ধীরে বড় হচ্ছে। বর্ষাকাল তার সময় থেকে সরে যাচ্ছে। যখন বৃষ্টি হওয়ার কথা, তখন হচ্ছে না। আষাঢ় মাস বৃষ্টিহীন থাকলেও ভাদ্র-আশ্বিনে গিয়ে বৃষ্টিপাত হচ্ছে। শরৎ আসছে দেরি করে। শরতের আগের সেই বৈশিষ্ট্যের দেখা মিলছে না। শরৎ এলেও কাশফুল-শিউলি ফুল চোখে পড়ে না সাতক্ষীরার শ্যামনগরের মানুষের। হেমন্ত হারিয়ে যাচ্ছে। বসন্তও হারিয়ে যাচ্ছে। আর শীতকালের ব্যাপ্তি কমে আসছে। এ বিষয়ে আইনুন নিশাত বলেন, সাতক্ষীরার শ্যামনগরে শিলাবৃষ্টির হার বাড়ছে। তিনি বলেন, গবেষণায় দেখা গেছে যে ষড়ঋতুর দুটি ঋতু প্রায় হারিয়ে যেতে বসেছে সাতক্ষীরা থেকে। একটি হলো হেমন্ত, আরেকটি বসন্ত। আর শীতকালের সময় ও ব্যাপ্তি কমে আসছে। সাতক্ষীরার মতো সারা দেশেই একই চিত্র।

রাজধানীতে ক্রমেই তাপমাত্রা বৃদ্ধির কারণ প্রসঙ্গে আবহাওয়া দপ্তরের কর্মকর্তা আবদুর রহমান বলেন, গাড়ি, এসি, বহুতল ভবন সবই বাড়ছে ঢাকায়। যন্ত্রের ব্যবহার বৃদ্ধি তাপমাত্রা বাড়াচ্ছে, সুউচ্চ ভবন বায়ুপ্রবাহে বিঘ্ন ঘটাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, সাধারণত রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তাকে শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। কিন্তু উত্তরাঞ্চলে এখনো রাতের গড় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস—অঙ্কটি গড় মাত্রার চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি। চট্টগ্রামেও প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে এখন সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৩।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দিনের বেলার তাপমাত্রা বেশি থাকার কারণে মূলত শীতের অনুভূতি কম হচ্ছে। আবহাওয়া কর্মকর্তা আবদুর রহমানের মতে, শীতের সময় এখনো আসেনি। বাংলাদেশে সাধারণত শীতের সময়টা ডিসেম্বর ও জানুয়ারি। ২০ নভেম্বরের পর থেকে দেশে শীত পড়া শুরু হতে পারে বলেও তিনি মনে করছেন।

এদিকে গতবারও বাংলাদেশে শীত এসেছে দেরি করে, যাওয়ায়ও তড়িঘড়ি ছিল। ফলে শীত ছিল বলা যায় এক মাসের মতো। গত বছর পৌষের পালা শেষ করে মাঘে গিয়ে শীত পড়েছে। এ বছরও কি একই ঘটনা ঘটবে—এমন প্রশ্নে আরেক আবহাওয়া কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘এখনই তা বলা যাবে না। আরো কিছুদিন যাক। ’

দিনের মতো রাতেও গরম বেশি হওয়ার কারণ কী—এমন প্রশ্নে আবদুল মান্নান বলেন, অক্টোবরের শেষ ও নভেম্বরের শুরুর দিকে বঙ্গোপসাগরে সাধারণত নিম্নচাপ থাকে। কিন্তু এবার বঙ্গোপসাগরে এই সময়ে কোনো নিম্নচাপ নেই। আকাশেও কোনো মেঘ নেই। সাধারণত এই সময়ে মেঘমুক্ত আকাশ থাকে দুই থেকে তিন দিন। এখন দেখা যাচ্ছে, এক সপ্তাহ পেরিয়ে যাচ্ছে। এখন শুষ্ক বাতাসের আগমন ঘটছে, ঘূর্ণিবায়ু সৃষ্টি হচ্ছে। সেই কারণে রোদের প্রখরতা বেশি বলে তিনি ব্যাখ্যা দেন।

এ বছর বর্ষা মৌসুমে বৃষ্টিপাত যে বেশি হয়েছে, তা দেশের নীতিনির্ধারক থেকে শুরু করে সাধারণ মানুষও বলছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদও বলেছেন, অন্যবারের তুলনায় এ বছর দেশে বৃষ্টিপাত বেশি হয়েছে। কিন্তু কত বেশি? এর উত্তর খুঁজতে আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, এ বছর স্বাভাবিকের তুলনায় (স্থানভেদে) ২০ থেকে ৫৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে। ব্যতিক্রম হচ্ছে রংপুর। বিভাগটিতে এবারের বর্ষায় স্বাভাবিকের চেয়ে ৩০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ বছর ১ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই পাঁচ মাসে শুধু রাজধানীতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে ৫৫ শতাংশ। ময়মনসিংহে ১৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৩২ শতাংশ, খুলনা বিভাগে ৩২ শতাংশ ও বরিশালে ২৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। পাঁচ মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সীতাকুণ্ডে। এরপর রয়েছে যথাক্রমে শ্রীমঙ্গল ও রাঙামাটি। আবহাওয়া কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘আবহাওয়ায় এ বছর কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। ঘূর্ণিঝড় মোরা এসেছে। নিম্নচাপও দেখা গেছে বর্ষা মৌসুমে। হেমন্তে বৃষ্টি হয়। তবে সেটি খুবই কম। কিন্তু এ বছর হেমন্তে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। ভারতেও বৃষ্টিপাত বেশি হয়েছে। এসব কারণে এ বছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। ’

শুক্রবার সকাল ৭টা। সুন্দরবন-১০ লঞ্চটি আটকে আছে মেঘনার মাঝে। চারদিকে সকালের কাঁচা রোদের ঝিলিক। ‘লঞ্চটি তো আরো আগেই বরিশাল ঘাটে থাকার কথা ছিল; এখনো এখানে কেন, রাতে কি ঘন কুয়াশা পড়ে ছিল?’ কালের কণ্ঠ’র প্রশ্ন শুনে লঞ্চের ম্যানেজার হারুন অর রশিদ হেসে ওঠেন। হাসি থামিয়ে বলেন, ‘কুয়াশা পামু কই, লঞ্চ রাইতে চরে আটকাইছিল, এখন ছুটছে। এইবার তো কোনো শীতই পড়তে আছে না, কুয়াশাই পড়ব কেমনে! গতবার আরো আগে হইতেই কুয়াশার অনেক ঝামেলা অইছিল। ’ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার মাওয়া ঘাটের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক খালেদ নেওয়াজ বলেন, ‘এবার এখনো কুয়াশার দেখা পাইনি। যদিও এক দিন কিছুটা কুয়াশা পড়েছিল। ’

মেঘনার চরের কৃষক লোকমান হোসেনের মতে, গতবার কার্তিকের মাঝামাঝি সময়েই শীত লাগছিল। কিন্তু এবার কার্তিক শেষ হয়ে এলেও শীতের খবর নেই। লোকমান বলেন, ‘আর মাত্র দিন পনেরো পরেই ধান কাডমু, প্রত্যেক বছর ধান কাডার প্রায় মাসখানেক আগেই শীত আইয়া পড়ে। এইবার হেইরহম কিছু দেহি না। শীত পড়লে ধানের চেহারা সুন্দর অয়, রং ভালো অয়, দামও ভালো অয়। ’

রাজধানীর ঢাকা কলেজের উল্টো দিকে ফুটপাতে শীতের কাপর বিক্রেতা ফিরোজুর রহমান বলেন, ‘প্রতিবার অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই শীতের কাপড় বেচাকেনা জমে ওঠে, কিন্তু এইবার নভেম্বরের মাঝামাঝি সময় এসে গেলেও বলতে গেলে বেচাকেনা শুরুই হয়নি। ’

জলবায়ু নিয়ে কাজ করা সংগঠন ইক্যুইডি বিডির প্রধান সঞ্চালক রেজাউল করিম চৌধুরী বলেন, এবার বর্ষা গেছে দেরি করে, ফলে শীতও দেরিতে আসছে। এর প্রভাব যেমন পড়বে প্রকৃতির ওপর তেমনি ফসল ও মানুষের ওপরও ক্ষতিকর প্রভাব পড়বে। বিশেষ করে রবিশস্যে দেরি হবে, ফলন ভালো নাও হতে পারে, মানুষের ওপর রোগের প্রভাব ফেলতে পারে। কালের কণ্ঠ