সদ্য প্রকাশিত
বিচিত্র

‘আপনি কি ভার্জিন?’ জানাতে হবে পটনার হাসপাতাল কর্মীদের

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
‘আপনি কি ভার্জিন?’ জানাতে হবে পটনার হাসপাতাল কর্মীদের

সিল্কসিটিনিউজ ডেস্ক: বিয়ে করেছেন? আপনার কি একাধিক স্ত্রী রয়েছে? বিবাহিত হওয়া সত্ত্বেও অন্যত্র ‘স্ত্রী’ রয়েছে? আপনার স্বামীর কি একাধিক স্ত্রী? আপনি কি ভার্জিন? এই প্রশ্নগুলির জবাব লিখিত ভাবে জানতে চেয়েছে বিহারের এক প্রতিষ্ঠিত হাসপাতাল।

পটনার ইন্দিরা গাঁধী ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (আইজিআইএমএস)-এ সদ্য চাকরি পাওয়া কর্মীদের জন্য একটি ফর্মও চালু করেছেন কর্তৃপক্ষ। তাতেই এ ধরনের ব্যক্তিগত তথ্য লিখিত ভাবে ঘোষণা করে জমা দিতে হবে। আর এটা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

বিহারের সবচেয়ে বড় সুপার স্পেশালিটি হাসপাতাল আইজিআইএমএস। ১৩৩ কোটি টাকা বাজেটের এই হাসপাতালে পড়াশোনার পাশাপাশি গবেষণারও সুযোগ-সুবিধা রয়েছে। এ হেন প্রতিষ্ঠিত হাসপাতাল সম্প্রতি শিরোনামে এসেছে ওই ফর্মের বিতর্কিত প্রশ্নগুলির জন্য। তবে গোটা বিষয়ে নিরুত্তাপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ওই হাসপাতালের ডিরেক্টর এস কে শাহি বলেন, “কোনও ব্যক্তি বিবাহিত কি না তা জিজ্ঞাসা করাটা তো খুবই মামুলি বিষয়!” সেই সঙ্গে তাঁর দাবি, “ওই ফর্মে ‘ভার্জিনিটি’ সম্পর্কিত প্রশ্নটি সম্ভবত কারও দুষ্টুমি হতে পারে।” বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। সূত্র: আনন্দবাজার