সদ্য প্রকাশিত
চাকরি

মেঘনা গ্রুপের দরকার ৩৮৬ কর্মী

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০১৭৪ মিনিট পড়া
মেঘনা গ্রুপের দরকার ৩৮৬ কর্মী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফ্যাক্টরি কমপ্লেক্সের ফায়ার অ্যান্ড সেফটি ও নিরাপত্তার কাজে মোট ৩৮৬ জন কর্মী নিয়োগ দেবে মেঘনা গ্রুপ। বিভিন্ন তারিখে নেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউ বা সরাসরি সাক্ষাৎকার। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মেঘনাঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ অফিসে। নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে ১৮ জুলাই বাংলাদেশ প্রতিদিন ও প্রথম আলোয়।

কোন পদে কতজন :

ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে ফায়ার ইন্সপেক্টর পদে ৫ জন, ফায়ার সুপারভাইজার পদে ২২ জন এবং ফায়ারম্যান পদে ১১৯ জন নেওয়া হবে। নিরাপত্তা শাখায় নিরাপত্তা ইন্সপেক্টর পদে ৬ জন, নিরাপত্তা সুপারভাইজার পদে ৮ জন এবং নিরাপত্তা গার্ড পদে নিয়োগ পাবে ২২৬ জন।

আবেদনের যোগ্যতা :

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিকিউরিটি ব্রাঞ্চ ম্যানেজার ও নিয়োগ কমিটির প্রধান আবুল হোসেন জানান, ফায়ার ইন্সপেক্টর পদে যোগ্যতা এসএসসি। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে অবসরপ্রাপ্ত বা সেনা, নৌ বা বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার/ওয়ারেন্ট অফিসারদের অগ্রাধিকার দেওয়া হবে। ফায়ার সার্ভিসের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ার সুপারভাইজার পদে যোগ্যতা এসএসসি পাস। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চিসহ ভালো স্বাস্থ্যের অধিকারী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত লিডার বা সেনা, নৌ বা বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত করপোরাল/সার্জেন্টরা অগ্রাধিকার পাবে। ফায়ার সার্ভিসের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ারম্যান পদে অষ্টম শ্রেণি পাসসহ উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বয়স থাকতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। ফায়ার সার্ভিসের কাজে অভিজ্ঞ ও অবসরপ্রাপ্ত ফায়ারম্যানদের অগ্রাধিকার দেওয়া হবে।

নিরাপত্তা ইন্সপেক্টর পদে আবেদনের যোগ্যতা এসএসসি পাস। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার/ওয়ারেন্ট অফিসারদের অগ্রাধিকার দেওয়া হবে। একই পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা সুপারভাইজার পদে এসএসসি পাসসহ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত করপোরাল/সার্জেন্টরা অগ্রাধিকার পাবে। সমপদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা গার্ড পদের জন্য অষ্টম শ্রেণি পাসসহ উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বয়স থাকতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে এবং সমপদে এক বছরের কাজের অভিজ্ঞরা অগ্রাধিকার পাবে।

যা যা সঙ্গে নিতে হবে :

সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য নিয়োগ কর্তৃপক্ষের চাহিদা অনুসারে প্রয়োজনীয় কাগজ সঙ্গে নিতে হবে। তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইউনিয়ন/পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে। ২৩ জুলাই থেকে শুরু হয়েছে সাক্ষাৎকার নেওয়া। এ প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত। সাক্ষাৎকারের তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিন প্রার্থীরা উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে পারবে। নির্ধারিত তারিখে সকাল ১০টায় প্রার্থীদের সিকিউরিটি ব্রাঞ্চ হেডকোয়ার্টার (সুগার সাইট), মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মেঘনাঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ অফিসে।

সাক্ষাৎকারের প্রস্তুতি :

আবুল হোসেন জানান, সাক্ষাৎকারে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, স্বাস্থ্য ও চাহিদা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র দেখা হয়। ভাইভা বোর্ডে তাত্ক্ষণিক বুদ্ধিমত্তা ও কাজের মানসিকতা কেমন, তা জানতে চাওয়া হয়। দেখা হয় পূর্বের কাজের অভিজ্ঞতাও। প্রার্থীর আচারণ ও কথাবার্তার সময়ই প্রার্থীর সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, সে আসলে যে পদের জন্য সাক্ষাৎকার দিতে এসেছে, উপযুক্ত কি না। গুছিয়ে উত্তর দিতে পারা এবং নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের দক্ষতা দেখা হবে। নেওয়া হতে পারে কোনো ঘটনার বিবরণ লিপিবদ্ধ করার জন্য হ্যান্ড রাইটিং পরীক্ষা। সাধারণ জ্ঞানের বিষয়ে ভালো ধারণা থাকলে সহজ হয় খুব সাধারণ উত্তরগুলো দিতে। নিয়োগ দেওয়ার আগে দেখা হয় শারীরিক যোগ্যতা আছে কি না। সে জন্য নেওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা।

বেতন ও সুযোগ-সুবিধা :

ফায়ার ইন্সপেক্টর পদে মাসিক বেতন দেওয়া হবে ১৯০০০, ফায়ার সুপারভাইজার পদে ১৪,০০০ এবং ফায়ারম্যান পদে ১১,৫০০ টাকা। নিরাপত্তা ইন্সপেক্টর পদে ১৬০০০, নিরাপত্তা সুপারভাইজার পদে ১৪,০০০ এবং নিরাপত্তা গার্ড পদে ১১,৫০০ টাকা বেতন পাওয়া যাবে। মাসিক বেতন ছাড়াও গ্রুপের নিয়ম অনুুসারে ওয়েলফেয়ার ফান্ড সুবিধা, উৎসবভাতা, ছুটি, বার্ষিক ইনক্রিমেন্ট, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, বিনা মূল্যে বাসস্থান, স্বল্পমূল্যে আহার ও গুরুত্বপূর্ণ পদের জন্য অতিরিক্ত ভাতা পাওয়া যাবে।

যোগাযোগ :

সিকিউরিটি ব্রাঞ্চ হেডকোয়ার্টার (সুগার সাইট), মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, মেঘনাঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

সূত্র: কালের কন্ঠ