সদ্য প্রকাশিত
জাতীয়

সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ময়মনসিংহের গৌরীপুরে মানসিক ভারসাম্যহীন এক যুবকের অতর্কিত ছুরিকাঘাতে শাহীন মিয়া (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শাহীন বলুহা গ্রামের মো. সিরাজুল ইসলাম জিন্নতের ছেলে। অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলু একই গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।

 

প্রত্যক্ষদর্শী মাজেদা (৩৫) জানান, দুপুরে শাহীন গাছ থেকে সুপারি পেড়ে বাড়ির সামনে এলে দেলোয়ার আচমকা লোহার রড দিয়ে তাকে মারধর শুরু করেন।

শাহীন চিৎকার করলে দেলোয়ার ছুরি দিয়ে তার বুকে আঘাত করেন। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ফারুক আহমেদ অভিযোগ করেন, দেলোয়ার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বা উগ্র আচরণ করতেন এবং সব সময় ধারালো অস্ত্র নিয়ে ঘুরতেন। পরিবারকে জানিয়েও কোনো লাভ হয়নি।

হত্যাকাণ্ডের পর দেলোয়ার নিজ ঘরের টিনের বেড়া ভেঙে রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় পালিয়ে গেলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিসহ আলামত জব্দ এবং ঘাতককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।