সদ্য প্রকাশিত
জাতীয়

গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সরকারি গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নগরীর গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম (২৪) নীলফামারীর জলঢাকা থানার আলুশিয়া পাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার সাইনবোড এলাকার মেম্বারবাড়ী সড়কের মো. শামসুদ্দিনের বাড়িতে ভাড়া থেকে একটি কারখানায় কাজ করতেন।

গাছা থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির চলমান আন্দোলন চলাকালে গত ১৮ নভেম্বর বিক্ষুব্ধ শ্রমিকরা গাছা থানার হারিকেন ডেগেরচালা সড়কের মাথায় জিএমপির কর্তব্যরত এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার উপ-পুলিশ কমিশনারের ব্যবহৃত সরকারি গাড়িতে আগুন দেয়। ওই ঘটনায় গাছা থানা মামলা হয়।

ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে রফিকুলকে শনাক্ত করা হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।