নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী, ২৩ নভেম্বর ২০২৬: শীতের আগমনে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে রাজশাহীতে ৪০০টি কম্বল হস্তান্তর করেছে দেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা।

সোমবার (২৩ নভেম্বর) আশা’র নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য আনুষ্ঠানিকভাবে ৪০০টি কম্বল রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় আশা রাজশাহী ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো. রফিকুল ইসলাম কম্বলগুলো জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা রাজশাহী সদর ও বোয়ালিয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার (আরএম), অ্যাসিস্ট্যান্ট সেলস এক্সিকিউটিভ (এএসই), রাজশাহী সদর-১ ও ২, সাহেববাজার এবং রাজপাড়া ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার, সদর-১ ও ২ ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজারসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় আশা রাজশাহী সদর জেলার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, শীত মৌসুমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে আশা নিজস্ব অর্থায়নে প্রতিবছর বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ৪০০টি কম্বল জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসনের মাধ্যমে এসব কম্বল প্রকৃত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানানো হয়।










