সিল্কসিটিনিউজ ডেস্ক:
বয়সের কাঁটা সবে ১৫ ছুঁয়েছে। যে বয়সে অনেকের ক্রিকেটের পাঠই শেষ হয় না, সেই বয়সেই নেতৃত্বের মুকুট বৈভব সূর্যবংশীর মাথায়।
ব্যাট হাতে কি কি করেছেন তা ইতিমধ্যে সবার জানা। এই বয়সেই অনেক রেকর্ড গড়া সূর্যবংশী এবার নামের পাশে আরেক কীর্তি যোগ করলেন। অধিনায়কত্বে গড়েছেন ইতিহাস। টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন ভারতের এই বিস্ময়বালক।

চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যবংশী। আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে তার নেতৃত্বের অধ্যায় শুরু হয়েছে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। আর তাতেই টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার রেকর্ড গড়লেন ১৫ বছর ২৩২ দিন বয়সী বাঁহাতি ওপেনার।
আগের রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের। ২০২৫ সালের ৭ আগস্ট সাইপ্রাসের বিপক্ষে ১৭ বছর ৩১১ দিন বয়সে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার তাকে পেছনে ফেললেন বৈভব।
তালিকায় তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের তৈমুর আলী। ২০০৯ সালে কোয়েটা বিয়ার্সের অধিনায়কত্ব করার সময় তার বয়স ছিল ১৭ বছর ৩৫৮ দিন।
বৈভবের নেতৃত্বে আস্থা রাখার বিষয়ে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হর্ষ বর্ধন বলেছেন, ‘অল্প বয়সেই বৈভব অসাধারণ প্রতিভা, আত্মবিশ্বাস ও পরিপক্বতার পরিচয় দিয়েছে। এই দায়িত্ব তাকে ক্রিকেটার ও নেতা হিসেবে আরো এগিয়ে যেতে সাহায্য করবে।’










