সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইথিওপিয়ার সংঘাত ছড়াল কেনিয়ায়, নিহত ২

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২৬৩ মিনিট পড়া
ইথিওপিয়ার সংঘাত ছড়াল কেনিয়ায়, নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রতিবেশী দেশ ইথিওপিয়ায় সংঘাতের আগুন ছড়িয়ে পড়েছে কেনিয়ার সীমান্তবর্তী জনপদেও। সেখানে গোলাগুলি ও একের পর এক বিস্ফোরণে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ।

সংঘাতের প্রভাবে কেনিয়ায় অন্তত দুজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।
এ ছাড়া প্রাণ বাঁচাতে ইথিওপিয়া থেকে কেনিয়ায় আশ্রয় নিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। শুক্রবার এ তথ্য জানিয়েছেন কেনিয়ার মারসাবিত কাউন্টির গভর্নর মোহামুদ আলী।

এক বিবৃতিতে গভর্নর বলেন, এই সংঘাতের মানবিক মূল্য ইতিমধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে।
সরকার পরিচালিত এক মূল্যায়নের বরাত দিয়ে তিনি জানান, সংঘর্ষের কারণে কাউন্টির প্রায় ১০ হাজার বাসিন্দা নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। দক্ষিণাঞ্চলের ওরোমো ও সোমালি এলাকায় সংঘর্ষ থেকে বাঁচতে ৫০ হাজারের বেশি ইথিওপীয় নাগরিক কেনিয়ার মারসাবিত কাউন্টিতে প্রবেশ করেছেন।

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি বলছে, সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট গোলাগুলি ও বিস্ফোরক হামলার ঝুঁকিতে কেনিয়া সীমান্তের কাছাকাছি বসবাসকারী অনেক মানুষও বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।

এ সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি মোয়ালে। কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে প্রায় ৭৫০ কিলোমিটার উত্তরে শহরটির অবস্থান।
গভর্নর আলী সতর্ক করে বলেন, আবাসিক এলাকা ও জনসেবামূলক স্থাপনার আশপাশে অবিস্ফোরিত গোলাবারুদ পড়ে থাকায় বেসামরিক মানুষের জন্য গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শিশুরা বেশি বিপদের মধ্যে রয়েছে।

এই সংঘর্ষের কারণে দেশটিতে বিদ্যালয়ের কার্যক্রম, জাতীয় পরীক্ষা, বিদ্যুৎ সরবরাহ এবং সীমান্তবর্তী বাণিজ্য ব্যাহত হয়েছে।

বাস্তুচ্যুত হাজার হাজার পরিবার অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও ব্যক্তিগত বাড়িতে অবস্থান করছে।
গভর্নর বলেন, অতিরিক্ত ভিড়ের আশ্রয়কেন্দ্র, প্রয়োজনীয় ওষুধের সংকট, পুষ্টির অবনতি এবং হাম ও রুবেলার সংক্রমণ শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য নিয়ে আমরা বিশেষভাবে উদ্বিগ্ন।

তিনি সতর্ক করে বলেন, জরুরি চিকিৎসাসেবা, টিকাদান, উন্নত স্যানিটেশন ও পুষ্টিসহায়তা নিশ্চিত করা না গেলে নতুন করে রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।

স্থানীয় প্রশাসন জাতীয় সংস্থা ও মানবিক সহায়তাকারী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করছে। তবে ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলায় বিদ্যমান সম্পদ যথেষ্ট নয় উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরো সহায়তা চেয়েছেন গভর্নর।

একই সঙ্গে প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকতে এবং সংঘাতকে জাতিগত উত্তেজনায় রূপ নেওয়া ঠেকাতে স্থানীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর একটি আঞ্চলিক পতাকা নিয়ে বিরোধ এবং ১৩ বছর বয়সী এক কিশোরীকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার সূত্রপাত হয়। পরে তা ইথিওপিয়ার বিতর্কিত ওরোমিয়া-সোমালি সীমান্তের কয়েকটি জেলায় ছড়িয়ে পড়ে।

দীর্ঘদিনের ভূখণ্ডগত বিরোধের কারণে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে, যা সীমান্তের উভয় পাশের জনপদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে।