সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
বগুড়া

বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি

সিল্কসিটিনিউজ ডেস্ক:


বগুড়া শহরের মাটিডালী মোড়ে ল্যান্ডমার্ক হিসেবে স্থাপিত শেনইয়াং এফ-৬ মডেলের পুরোনো যুদ্ধবিমানের পেছনের একটি অংশ খুলে নিয়ে গেছে চোরেরা। দীর্ঘদিনের এই ঐতিহাসিক স্মারকের বিভিন্ন অংশ এর আগেও একাধিকবার চুরি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সরেজমিনে মাটিডালী মোড়ে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২১ বছর আগে ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালী মোড়ের গোলচত্বরে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর একটি অকেজো যুদ্ধবিমান স্মৃতিচিহ্ন হিসেবে স্থাপন করা হয়। সেই থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই এলাকা ‘বিমান মোড়’ নামে পরিচিতি পায়। শহরের এই প্রধান স্মারক দেখতে প্রতিদিন কৌতূহলী মানুষ ভিড় করেন। সম্প্রতি রাতের আঁধারে দুর্বৃত্তরা বিমানটির পেছনের দিকের একটি অংশ খুলে নিয়ে গেছে। বিমানটির এমন বেহাল দশা দেখে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

শাহীন সরদার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, এই পথে যাওয়ার সময় দেখি, বিমানের লেজের অংশটা খুলে নিয়ে গেছে। এর আগেও বিমানটির পাখায় থাকা দুটি বুলেট আকৃতির ধাতব অংশ মাদকসেবীরা চুরির চেষ্টা করেছে। সিটি করপোরেশনের মাধ্যমে সেগুলো দুবার লাগানো হলেও পরে আবারও চুরি হয়ে যায়। রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় বারবার এমন ঘটনা ঘটছে, যা আমাদের শহরের সৌন্দর্যের মারাত্মক ক্ষতি করছে।

ওহাব রাজ নামে আরেকজন বলেন, গুরুত্বপূর্ণ এই স্থাপনা দেখভালের দায়িত্বে কোনো নিরাপত্তাকর্মী নেই। পর্যাপ্ত নজরদারি না থাকায় নেশাগ্রস্ত ও অপরাধী চক্রের সদস্যরা সুযোগ বুঝে ঐতিহাসিক এই স্মারকের একেকটি অংশ চুরি করে নিয়ে যাচ্ছে।

স্থানীয়রা দ্রুত চুরি যাওয়া অংশ মেরামত, স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।- সূত্র: ঢাকা পোস্ট