নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপের সুযোগ নিতে পরিচালকের সাথে দেখা করতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা। তাঁরা হলেন রামেক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ কর্মকার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান।
এদিকে, এই দুই ছাত্রনেতা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পরিচালকের কক্ষে অবস্থান নিয়েছেন খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীদের সেখানে অবস্থান নেন। এসময় তারা পরিচালকের কার্যালয়ে ঢুকার চেষ্টা করেন। একপর্যায়ে তারা পরিচালকের কক্ষের দরজাতেও ধাক্কাধাক্কি করেন। এ নিয়ে চরম উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার পরেও শিবিরের নেতাকর্মীরা পরিচালকের কক্ষের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।
এ ঘটনার পরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই দুই নেতাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলার চেষ্টা চালানো হয়।
হাসপাতালের একটি সূত্রে জানিয়েছে, শাস্তির দুই বছর মেয়াদ শেষ হওয়ার পরে পুনরায় ইন্টার্নশিপ সম্পন্ন করার জন্য শুভ কর্মকার ও নাহিদ হাসান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে তাঁদের হাসপাতালের পরিচালকের কক্ষে ডাকা হয়।
এদিকে পরিচালকের কক্ষে ছাত্রলীগের দুই নেতা অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সাধারণ শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা পরিচালকের কক্ষে প্রবেশের চেষ্টা করেন।
এর আগে ২০২৪ সালের ১৩ ১১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রামেক ছাত্রলীগের ১৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাদের মধ্যে শুভ ও নাহিদ ছিলেন। তাদের দুজনের দুই বছর ইন্টার্নশিপ বাতিল ও হোস্টেল থেকে বহিস্কার করা হয়েছিল।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের সময়সীমা পার হওয়ার পর নিয়ম অনুযায়ী আবার আবেদন করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে তাঁরা ইন্টার্নশিপ করতে পারেন। কিন্তু শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।









